মাশরাফিকে ফেরাতে ভক্তদের কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাশরাফি বিন মুর্তজাকে ফিরিয়ে আনার দাবিতে তাঁর নিজ শহর নড়াইলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার মাশরাফির ভক্ত ও অনুসারীরা এ কর্মসূচি পালন করেন।
শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৪ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টসের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মাশরাফির অবসরের ঘোষণার পর থেকে নড়াইলে তাঁর ভক্ত ও অনুসারীরা মানববন্ধন ও মিছিল করছেন। আজ রোববার বেলা ১১টায় নড়াইল আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছেন তাঁর ভক্ত ও অনুসারীরা। এ ছাড়া নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলায় কালো ব্যাজ ধারণসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এদিকে একই দাবিতে গতকাল সকালে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে ‘বরিশালবাসী ক্রিকেটপ্রেমী’ ব্যানারে একটি মানববন্ধন করেছেন মাশরাফির ভক্ত ও অনুসারীরা। মানববন্ধন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে মাশরাফিকে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। হঠাৎ শ্রীলঙ্কার মাটিতে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন তিনি। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর ভেতর অন্য কোনো বিষয় আছে। মাশরাফির যদি অবসর নিতেই হয়, সেটা বাংলাদেশের মাটিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। অবিলম্বে তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক পদে ফিরিয়ে আনার জন্য বিসিবি ও সরকারের কাছে জোর দাবি জানান তাঁরা।