মাশরাফিদের সংবর্ধনা স্থগিত, কারণ আয়োজক মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের আশঙ্কায় চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সংবর্ধনা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। আজ বৃহস্পতিবার রাতে সংবর্ধনার আয়োজনকারী সংগঠনকে এ নির্দেশ দেওয়া হয়। আয়োজনকারীদের একজন আ জ ম নাছির এবারের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী।
আগামীকাল শুক্রবার বেলা তিনটায় চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের সংবর্ধনার আয়োজন করার কথা ছিল। বাংলাদেশ জেলা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ এ সংবর্ধনার আয়োজন করার কথা ছিল। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এ আয়োজনে সহযোগিতা করার কথা ছিল।
সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির এবারের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী। গত বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আ জ ম নাছির আয়োজকদের পক্ষ থেকে বক্তব্যও রাখেন।
সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন আজ রাতে জেলা নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, জাতীয় ক্রিকেট দলের অর্জনের ব্যাপারে আমরা শ্রদ্ধাশীল। তাঁদের সংবর্ধনা হোক, এটা আমরাও চাই। তবে এই মুহূর্তে চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হতে পারে। শোডাউনের মতো ঘটনাও ঘটতে পারে। তাই আয়োজক সংস্থাকে এই অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হচ্ছে। রাতেই মাইকিং করা হবে। নির্বাচনের পরে যেকোনো সময় এ অনুষ্ঠান করা যেতে পারে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক সিরাজউদ্দিন মো. আলমগীর আজ রাত দশটার দিকে প্রথম আলোকে বলেন, কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মহোদয় সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত রাখার বিষয়টি মুঠোফোনে জানিয়েছেন। আমরা এখনো এ ব্যাপারে কোনো লিখিত চিঠি পায়নি। নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এর পর বিসিবির সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হবে।