মাশরাফির নেতৃত্বে নড়াইলে পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে গতকাল সোমবার বিকেলে এক পদযাত্রা কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইলের উন্নয়নের জন্য নড়াইল এক্সপ্রেস নামের একটি ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে। এর স্লোগান ছিল ‘রান ফর নড়াইল’।

গতকাল বিকেল পাঁচটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। তা উপেক্ষা করে শহরের রূপগঞ্জ বাঁধাঘাট চত্বরে জড়ো হয় মাশরাফির ভক্ত-অনুরাগীরা। একসময় তা জনসমুদ্রে পরিণত হয়। তিন কিলোমিটার এই পদযাত্রা শেষ হয় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে মাশরাফি বলেন, নড়াইলের উন্নয়নে দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পতাকাতলে সমবেত হোন। এ সময় বেশ কয়েকটি বিষয়ে লক্ষ্য অর্জনের প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবগুলো হলো উন্নত নাগরিক সুবিধা, বিশেষায়িত শিক্ষাব্যবস্থা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতা ও মানবিক শিক্ষার প্রচলন, বেকারত্ব দূর করার ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি, সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি, বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ প্রদান, চিত্রা নদীকে ঘিরে আকর্ষণীয় পর্যটন এলাকা করা, আইসিটি শহরে রূপান্তরিত করা এবং পরিবেশবান্ধব শহর গড়ে তোলা।

এ সময় পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফুটবল প্রতিযোগিতা

এদিকে গত রোববার বিকেলে নড়াইল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয় শুভেচ্ছা ক্লাবের সদস্যরা প্রীতি ফুটবল খেলায় মেতে ওঠেন। এক পক্ষে নেতৃত্ব দেন মাশরাফি নিজে। অন্য পক্ষে তাঁর ছোট ভাই সিজার। কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করে। মাশরাফির বাড়ি নড়াইল পৌরসভার মহিশখোলা গ্রামে। তিনি এই ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়। মাফরাফি একসময় এই মাঠেই ক্রিকেট অনুশীলন করতেন।

মাশরাফি বেশ কয়েকবার মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের সীমানায় আক্রমণ রচনা করেন। তাঁর পায়ে বল গেলেই অগণিত ভক্ত-সমর্থক চিৎকার করে তাঁকে উৎসাহ জোগায়। কিন্তু খেলাটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।

সম্মাননা প্রদান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সেরা বাঙালি (২০১৭) নির্বাচিত হওয়ায় নড়াইল শুভেচ্ছা ক্লাবের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। শুভেচ্ছা ক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রোববার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সুদীপ্ত শাফায়েত সভাপতিত্ব করেন। বক্তব্য দেন মাশরাফির শিক্ষক মো. ইদ্রিস আহম্মেদ, ফুটবল প্রশিক্ষক ও সাংবাদিক কার্ত্তিক দাস, নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর তারেক আহম্মেদ ও শরিফ মোহম্মদ, ক্লাবের সদস্য পাভেল দাস, তানভীর রহমান প্রমুখ।

কলকাতায় এবিপি মিডিয়া গ্রুপের  এক অনুষ্ঠানে গত জুলাই মাসে নড়াইল এক্সপ্রেসকে সেরা বাঙালির এ সম্মাননা দেওয়া হয়।