মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেক কেটে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন মাশরাফির মা হামিদা মুর্তজা, সঙ্গে আছেন অন্যরা। নড়াইল, ৪ সেপ্টেম্বর। ছবি: কার্ত্তিক দাস
কেক কেটে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন মাশরাফির মা হামিদা মুর্তজা, সঙ্গে আছেন অন্যরা। নড়াইল, ৪ সেপ্টেম্বর। ছবি: কার্ত্তিক দাস

এই দিনে গত বছর নড়াইলের সুলতান মঞ্চ চত্বর থেকে জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ‘রান ফর নড়াইল’ পদযাত্রার মাধ্যমে জনকল্যাণমূলক কাজের লক্ষ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়। দিন, মাস পেরিয়ে একটি বছর পার হয়েছে প্রতিষ্ঠানটির। আজ মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বিকেল পাঁচটায় শহরের জয়বাংলা মঞ্চের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। শিল্পকলা একাডেমির খোলা মঞ্চে ২০ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন মাশরাফির মা হামিদা মুর্তজা ও স্থানীয় পুলিশ সুপারের সহধর্মিণী নাহিদা চৌধুরী সুমি। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ফাউন্ডেশনের ফুটবল, ক্রিকেট ও ভলিবল দলের খেলোয়াড়, মাশরাফির ভক্ত ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

পরে শিল্পকলা মঞ্চে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা এস এ মতিন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মুর্তজা স্বপন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগের নেতা মিলন খান, কাজী বশিরুল হক প্রমুখ। বিকেলে নড়াইল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ফাউন্ডেশনটির উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।