মাশরাফির প্রতি ভালোবাসা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল–২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার পক্ষে নির্বাচনী প্রচারণা চলছে কাকডাকা ভোর থেকে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফির অনুপস্থিতিতেই চলছে নির্বাচনী প্রচারণা।
কাকডাকা ভোরেই মাশরাফির পক্ষে ভোট চাইতে বেরিয়ে পড়ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ তাঁর ভক্ত–অনুরাগীরা। বিভিন্ন ইউনিয়নে গিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে উঠান বৈঠক করে মাশরাফির জন্য ভোট চাইছেন। অনেক স্থানে পথসভা, সমাবেশও হচ্ছে দলের পক্ষ থেকে। জনসভা আয়োজনে দলের পক্ষ থেকে খরচের জন্য কিছু টাকাও দেওয়া হচ্ছে। কিন্তু সদর উপজেলার মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ জনসভা এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দ করা টাকা ফেরত দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। জানা গেছে, মাশরাফিকে ভালোবেসে এই খরচ ইউনিয়নবাসীই দেবে।
জানতে চাইলে মুলিয়া ইউপির চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী প্রথম আলোকে বলেন, ‘মাশরাফি আমাদের নড়াইলের ছেলে। দেশের গর্ব। তিনি সৎ এবং দেশপ্রেমিক মানুষ। আমার ইউনিয়নে তাঁর নির্বাচন পরিচালনার যাবতীয় খরচ আমরাই বহন করব। নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া, নির্বাচনী কার্যালয় পরিচালনা, পোলিং এজেন্ট নিয়োগ থেকে শুরু করে যাবতীয় খরচ মুলিয়া ইউনিয়নবাসী বহন করার সিদ্ধান্ত নিয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।’ তিনি বলেন, ‘দল থেকে নির্বাচনে খরচের যে টাকা দেওয়া হয়েছিল ১৭ ডিসেম্বর সেই টাকা মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপনের কাছে দিয়ে আসা হয়েছে। এটা বলতে পারেন মাশরাফির প্রতি আমাদের ভালোবাসার প্রতিদান। মাশরাফির টাকা নিয়ে নির্বাচন করতে চায় না এই ইউনিয়নবাসী।’
মাশরাফির সমর্থনে
অবশেষে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির নড়াইল-২ আসনের প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ। গতকাল বুধবার বিকেলে নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে অনাড়ম্বর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
ফায়েকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মাশরাফি শুধু নড়াইলের গর্ব নন, সারা দেশের গর্ব। তাঁর প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ এখন থেকে মাশরাফির পক্ষে নির্বাচনী প্রচারকাজ করার ঘোষণা দেন তিনি।