মাশুল নিয়ে বিরোধ নিরসনে কমিটি
রপ্তানি পণ্যভর্তি কনটেইনারের ওজন মাপার মাশুল নিয়ে বন্দর ব্যবহারকারীদের মধ্যে বিরোধ নিরসনে কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে চট্টগ্রাম বন্দর ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ কমিটি গঠন করা হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে যুক্তিসংগত মাশুল নির্ধারণ করবে। কারা এই মাশুল দেবে এবং কীভাবে দেবে, তা-ও ঠিক করবে এ কমিটি। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত বেসরকারি ডিপোগুলো কোনো মাশুল আদায় করবে না। শুধু গ্রাহকের রপ্তানি পণ্যভর্তি কনটেইনারের হিসাব সংরক্ষণ করবে। পরে কমিটি যে মাশুল ঠিক করবে সেই অনুযায়ী তা আদায় করবে।
১ জুলাই থেকে রপ্তানি পণ্যভর্তি কনটেইনারের ওজন পরিমাপ করার নিয়ম চালু হয়। ওজন মেপে দেওয়ার জন্য বেসরকারি ডিপোগুলো কনটেইনারপ্রতি দেড় হাজার টাকা মাশুল নির্ধারণ করে তা আদায় শুরু করে। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে, এই মাশুল তাদের দেওয়ার কথা নয়। এই মাশুল দেবে বিদেশি ক্রেতার হাতে পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্রেইট ফরোয়ার্ডার বা কনটেইনার মালিকের প্রতিনিধি। অন্যদিকে ফ্রেইট ফরোয়ার্ডাররা বলছে, এই মাশুল দেবে রপ্তানিকারকেরা।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আর ইউ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী বলেন, বৈঠকে দেড় মাসের মধ্যে কমিটির প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। কমিটিই নির্ধারণ করবে—মাশুল কারা দেবে এবং কত দেবে।
বেসরকারি ডিপো মালিক সমিতির সভাপতি নুরুল কাইয়ুম খান বলেন, ‘নৌমন্ত্রী অনুরোধ করেছেন। এ কারণে মাশুল নির্ধারণ না হওয়া পর্যন্ত রপ্তানি পণ্যভর্তি কনটেইনারের ওজন মাপার কার্যক্রম অব্যাহত রাখলেও আপাতত মাশুল আদায় করা হবে না।’
ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে গঠিত এই কমিটিতে বন্দর, বেসরকারি কনটেইনার ডিপো, বিজিএমইএ, ফ্রেইট ফরোয়ার্ডার, শিপার্স কাউন্সিল, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকবে।
বৈঠকে চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দাস, বিজিএমইএর প্রথম সহসভাপতি মঈনুদ্দিন আহমেদ, সাবেক সহসভাপতি এস এম আবু তৈয়ব, ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আনাম, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ ও পরিচালক সাহেদ সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।