মাশুল ফাঁকি শনাক্ত করতে গিয়ে জালিয়াত চক্রের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের বিশেষ সুবিধার (বন্ড) আওতায় আমদানি করা একটি জিপারের চালানের দলিলপত্র ফি বাবদ মাত্র ছয় হাজার টাকার শুল্ক ফাঁকি দিতে গিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছিল একটি চক্র। তবে শেষ রক্ষা হয়নি তাদের। গতকাল বুধবার দুপুরে কাস্টম হাউসে জাল কাগজপত্রসহ একটি সিঅ্যান্ডএফ এজেন্টের দুই কর্মচারীকে হাতেনাতে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে এ ঘটনার খোঁজ নিতে গিয়ে একটি চক্রের সন্ধান পেয়েছেন কাস্টম হাউসের কর্মকর্তারা। কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে ঢাকার মিরপুরের লোড স্টার ফ্যাশন লিমিটেডের একটি আমদানি চালানের কাগজপত্র কাস্টম হাউসের সংশ্লিষ্ট শাখায় জমা দেন সিঅ্যান্ডএফ এজেন্ট ব্লুবেল শিপিং অ্যান্ড ট্রেডিং কোম্পানির দুই কর্মচারী। এই চালানটি বন্ড সুবিধায় আমদানি করায় শুল্ককর প্রযোজ্য ছিল না। কিন্তু আমদানির কাগজপত্র দেখে সন্দেহ হয় কাস্টম হাউসের দায়িত্বশীল কর্মচারীদের। এ সময় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারাও এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে মিনহাজুল আবেদীন এবং শাহাদাত হোসেন নামে সিঅ্যান্ডএফ এজেন্টের দুই কর্মচারী এসব কাগজপত্র জাল বলে স্বীকার করেন। এরপর তাঁদের আটক করে রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেন, আগ্রাবাদের জেক শপিং কমপ্লেক্সের প্রিন্স গ্রাফিক্স নামের একটি দোকান থেকে তাঁরা জাল কাগজ বানিয়েছেন।