বেসরকারি কনটেইনার ডিপোর মাশুল বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন ব্যবহারকারীরা। গতকাল শনিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে বন্দর ব্যবহারকারী ফোরামের সভা থেকে এই আহ্বান জানানো হয়।
ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) গত বছরের ১২ নভেম্বর বেসরকারি ১৬টি কনটেইনার ডিপোতে আমদানি-রপ্তানি পণ্য এবং খালি কনটেইনার পরিবহনের সেবা মাশুল ১৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বর্ধিত মাশুল না মানলে ১ জানুয়ারি থেকে সেবা বন্ধের হুমকিও দিয়েছিল বিকডা। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিকডা ও ব্যবহারকারীরা পাল্টাপাল্টি অবস্থান নেয়। এ পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষের অনুরোধে ১৯ জানুয়ারি পর্যন্ত বর্ধিত মাশুল আদায় স্থগিত করে সংগঠনটি।
তবে বন্দর ব্যবহারকারী ফোরামের গতকালের সভায় বিকডার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। কনটেইনার ডিপো ব্যবহারকারী আমদানিকারক, ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, কনটেইনার মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম চেম্বার ও বন্দর ব্যবহারকারী ফোরামের সভাপতি মাহবুবুল আলম বলেন, বেসরকারি ডিপো পরিচালনা-সংক্রান্ত একটি নীতিমালা তৈরির কাজ করছে নৌপরিবহন মন্ত্রণালয়। এই নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের স্বার্থে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা উচিত। ব্যবহারকারীদের মতামত না নিয়ে একতরফাভাবে মাশুল বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক বলে দাবি করেন তিনি।
কনটেইনার ডিপো ব্যবহারকারী বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আনাম বলেন, মাশুল বাড়ানোর কারণে প্রতি কনটেইনার পণ্য পরিবহনে খরচ বাড়বে। এর ফলে ভোক্তাকে এই খরচ বহন করতে হবে।
বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ব্যবহারকারীর সঙ্গে আলোচনা না করে মাশুল বাড়ানোর সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মাশুল বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ।
নিয়ম অনুযায়ী, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া ৩৭ ধরনের কনটেইনার ভর্তি পণ্য বেসরকারি ডিপোতে এনে খালাস করা বাধ্যতামূলক। আবার রপ্তানি পণ্যেরও ৯০ শতাংশ এসব ডিপোতে এনে কনটেইনারে বোঝাই করে বন্দর দিয়ে রপ্তানি করতে হয়। এ ছাড়া ডিপোগুলো খালি কনটেইনারও সংরক্ষণ করে থাকে।