মাস খানেক ধরে রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বগুড়ার শেরপুর পৌরশহরে কর্মকারপাড়া ও রামচন্দ্রপুরপাড়ায় সড়কের পাশে পানি নিষ্কাশনের গভীর নালা তৈরির জন্য মাটি খুঁড়ে ফেলে রাখা হয়েছে সড়কের ওপর। বৃষ্টিতে এই মাটি কাদায় পরিণত হয়ে সড়ক চলাচলের অযোগ্য করে তুলেছে। এ ছাড়া সড়কের ওপর ফেলে রাখা হয়েছে ওই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণসামগ্রীও। এতে দুর্ভোগে পড়েছে পথচারীরা।
গতকাল শুক্রবার সকালে সড়ক দুটিতে গিয়ে দেখা যায় পানি নিষ্কাশনের জন্য গভীর নালা তৈরিতে মাটি খুঁড়ে সে মাটি সড়কজুড়ে রাখা হয়েছে। এতে সড়কটি যেন মাটির স্তূপে পরিণত হয়েছে। ফেলে রাখা কাদা-মাটি ভেঙে অত্যন্ত কষ্ট করে পথচারীদের যাতায়াত করতে হচ্ছে।
কর্মকারপাড়ার বাসিন্দা রনি কর্মকার বলেন, ‘এই সড়কটি পৌর শহরের প্রধান সড়ক। সড়ক নিয়ে পথচারীদের দুর্ভোগ বাড়লেও পৌর কর্তৃপক্ষ সড়কের ওপর ফেলা মাটি অপসারণে কোনো উদ্যোগ নেয়নি।’
একই পাড়ার বিশ্বজিৎ কর্মকার বলেন, ‘রাস্তার এ দশার জন্য এ পথে লোক চলাচলই কমে েগছে।’ রাস্তার ওপরকার এসব মাটি না সরানোয় তাঁর জুয়েলারি ব্যবসা ক্ষতির মুখে পড়ছে বলে জানান এ স্বর্ণ ব্যবসায়ী।
রামচন্দ্রপুরপাড়ার রবি সাহা বলেন, ‘এই সড়ক দিয়ে শিশুরা বিদ্যালয়ে যাতায়াত করে। জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের যাতায়াত করতে হয়।’
ওই দুই পাড়ার অন্তত ১০ জন বাসিন্দা বলেন, সড়কে চলাফেরা নিয়ে এ দুর্ভোগ কমপক্ষে এক মাস ধরে চলছে। দুর্ভোগের বিষয়টি এলাকাবাসী ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্রকৌশল বিভাগকে একাধিকবার অবগত করলেও কোনো লাভ হয়নি।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান সড়ক দুটিতে চলাফেরা নিয়ে স্থানীয় লোকজনের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নিতে তিনি পৌরসভার প্রকৌশলী বিভাগকে বলেছিলেন। কিন্তু এখনো তারা কোনো পদক্ষেপ নেয়নি।
শেরপুর পৌরসভার প্রকৌশলী বিভাগ সূত্রে জানা গেছে বিশ্বব্যাংকের অর্থায়নে ওই সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শহরের পানি নিষ্কাশনের জন্য সড়কের পাশে দিয়ে গভীর ঢালাই নালা তৈরির কাজ গত বছরের নভেম্বর থেকে শুরু হয়।
পৌরসভার সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, সড়কের ওপর ফেলে রাখা মাটি দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে জানিয়েছেন। ঠিকাদার নির্দেশ অমান্য করেছেন। এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
পানি নিষ্কাশনে গভীর নালা নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানকারী শাহাদৎ হোসেন বলেন, বৃষ্টির কারণে মাটি অপসারণ করা সম্ভব হয়নি।