মাস গেল, তবু অপহৃত শিক্ষকের খোঁজ মিলল না
নাটোরের এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম (৫০)! অপহরণের এক মাসেও তাঁর কোনো সন্ধান মেলেনি৷ অপহরণের ঘটনায় দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরা বেড়াচ্ছে। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, আর কে তালুকদার উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়োগ নিয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় কর্মী মিলন মিয়াজির দ্বন্দ্ব বাধে। এ নিয়ে চলতি বছরের এপ্রিলে মিলন মিয়াজি তাঁর বাবা এমদাদুল মিয়াজিকে সভাপতি না করায় শিক্ষক-শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেন। এ সময় তাঁকে বিদ্যালয় থেকে সরে যাওয়ার নির্দেশ দেন৷ অন্যথায় তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। ২ জুন বিকেলে প্রধান শিক্ষক জরুরি প্রয়োজনে বেজপাড়ার নিজ বাড়ি থেকে নাটোর শহরের উদ্দেশে রওনা হন। এর এক ঘণ্টা পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তিনি ফিরে না আসায় পরদিন ওই শিক্ষকের স্ত্রী ফাতেমা বেগম সদর থানায় প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন৷ একই দিন মিলন মিয়াজিসহ পাঁচজনের নাম উল্লেখ করে অপহরণের মামলা করেন। এর পর থেকে প্রায়ই ০১৭৫০৮২৫০৩৮ নম্বর থেকে ওই প্রধান শিক্ষকের ভাই তালিম হোসেনের মুঠোফোনে ফোন করে হুমকি দেন, ‘তোর ভাইয়ের হাড্ডিও পাবি না। মামলা চালালে তোকেও তুলে নেওয়া হবে৷’ সর্বশেষ ২৫ জুন সকালে ওই নম্বর থেকে দুই দফায় তাঁকে একই ধরনের হুমকি দেওয়া হয়৷
তালিম হোসেন বলেন, ‘প্রথম দিন ফোন করার পর ওই নম্বরটি আমি র৵াপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) মেজর জামান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিনকে দিয়েছি৷ র্যাব জানিয়েছে, ওই নম্বর থেকে একেক সময় একেক জায়গা থেকে কথা বলা হয়েছে। যিনি ফোন করেছেন তাঁর অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছে না।’
বাদী ফাতেমা বেগম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমি যে পাঁচজনকে সন্দেহ করে মামলা করেছি, তাঁদের মধ্যে শুধু হাসান আলী নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কদিন পরই তিনি জামিনে ছাড়া পেয়েছেন। প্রধান আসামি মিলন মিয়াজিসহ অন্যরাও এলাকায় ঘোরাফেরা করছেন। ২৬ জুন সকালে মিলনকে মোটরসাইকেলে ছাতনী এলাকায় চলাফেরা করতে দেখেছি।’ তিনি অভিযোগ করেন, তাঁরা সরকারি দল করে বলে পুলিশ তাঁদের ধরছে না।
অপহৃত শিক্ষকের জামাতা ইউসুফ ভুঁইয়া দাবি করেন, ‘অপহরণের ব্যাপারে পুলিশ নিজেই বিভ্রান্তি ছড়াচ্ছে। ৮ জুন ওসি আমাদের জানান, শহিদুল স্যারকে যশোরের শার্শা থানা এলাকার জনসেবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া গেছে। তাঁর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ০১৮৬৪৬৭৬৯৮৭ নম্বরে নয় হাজার টাকা বিকাশ করতে বলেন। আমি তাৎক্ষণিক ওই নম্বরে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিই। কিন্তু টাকা পাঠানোর পর থেকে ওই নম্বরটি বন্ধ হয়ে যায়। এরই মধ্যে তাঁর চাচা ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাসির হোসেন মাইক্রোবাস ভাড়া করে শার্শা যান৷ তবে ওই হাসপাতালের অস্তিত্ব না পেয়ে তাঁরা ফিরে আসেন। এদিকে ওসির বরাত দিয়ে শিক্ষককে উদ্ধারের খবর বিভিন্ন টেলিভিশন ও অনলাইনে প্রচাতি হয়৷ শেষ পর্যন্ত সব মিথ্যা প্রমাণিত হয়।’
ওসি আসলাম উদ্দিন বলেন, ‘আমাকে ওই নম্বর থেকে জানানো হয়েছিল ওই প্রধান শিক্ষককে উল্লেখিত হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে৷ এ খবর পেয়ে আমি সরল বিশ্বাসে তাঁর পরিবারকে টাকা পাঠাতে বলেছিলাম৷ পরে যাচাই করে দেখেছি তথ্য ঠিক ছিল না৷’
মামলার তত্ত্বাবধানকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘আরও কিছু অপহরণ মামলা নিয়ে আমরা এ মুহূর্তে ব্যস্ত আছি। আমরা ওই শিক্ষককে উদ্ধারের সব চেষ্টা করে যাচ্ছি।’
তথ্য বিভ্রাটের কথা স্বীকার করে তিনি বলেন, ‘একটা ভুয়া ফোন পেয়ে ওসি টাকা পাঠাতে বলেছিলেন। এটা এক ধরনের অসতর্কতা।’ আর মামলার আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর ব্যাপারে তিনি বলেন, ‘আসামি আমাদের চোখকে ফাঁকি দিয়েছে। তবে শিগগিরই তারা ধরা পড়বে।’