মাস না পেরোতেই ভেঙে পড়ল কলেজ ভবনের রেলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবনের দোতলার বারান্দায় এই ফাঁকা অংশটিতেও ছিল রেলিং। কিন্তু আজ সকালে তা ভেঙে পড়ে। ছবি: প্রথম আলো
লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবনের দোতলার বারান্দায় এই ফাঁকা অংশটিতেও ছিল রেলিং। কিন্তু আজ সকালে তা ভেঙে পড়ে। ছবি: প্রথম আলো

উদ্বোধনের মাত্র ২৬ দিন পরেই লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের দোতলার একটি রেলিং ভেঙে মাটিতে পড়ে গেছে। আজ শনিবার ক্লাস চলার সময়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেই মুহূর্তে কেউ উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
গত ১৬ আগস্ট সকালে লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলাল এক কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে কলেজের বহুতল একাডেমিক ভবনটির উদ্বোধন করেন। এ নিয়ে গত ১৭ আগস্ট প্রথম আলোর বিশাল বাংলায় ‘একাডেমিক ভবনের উদ্বোধন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

নবনির্মিত ভবনের দোতলার রেলিংটি ভেঙে মাটিতে পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে এ সময় মাঠের ওই জায়গায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটে​নি। ছবি: প্রথম আলো
নবনির্মিত ভবনের দোতলার রেলিংটি ভেঙে মাটিতে পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে এ সময় মাঠের ওই জায়গায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটে​নি। ছবি: প্রথম আলো

জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কলেজের বহুতল একাডেমিক ভবনটি নির্মাণ করে। নির্মাণকাজ সম্পন্ন করেন মো. গোলাপ হোসেন নামের স্থানীয় এক ঠিকাদার। কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাব্বি ইসলাম, বাপ্পি সরকার ও কাওছার হোসেন বলে, ওই রেলিংটির দোতলা থেকে মাটিতে পড়ার সময় ঘটনাস্থলের মাত্র দেড় থেকে দুই হাত দূরে ছিল তারা। হঠাৎ রেলিংটি ভেঙে পড়তে দেখে ভয় দৌড়ে সরে যায় তারা।
কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ উম্মে সালমা খানম বলেন, এভাবে সদ্য নির্মিত ভবনের রেলিং ভেঙে পড়া বিপদজনক একটি ঘটনা। যদি শিক্ষার্থীদের শরীরের ওপর এটা পড়ত তাহলে কী হতে পারত তা ভাবলে দম বন্ধ হয়ে আসে। ঘটনাটি কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ অন্যান্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন বলেন, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ঘটনাস্থল পরিদর্শন করে মতামত দিতে বলা হয়েছে।
ভবনটির নির্মাণকারী ঠিকাদার গোলাপ হোসেন নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একা দায়ী হব কেন? প্রকৌশলী, কলেজ কর্তৃপক্ষ এবং রাজমিস্ত্রি ও রড মিস্ত্রিসহ সবাইকে এ দায়িত্ব নিতে হবে।’