ঢাকার চারটি এলাকা থেকে ২৯টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষা করছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১৮টি পণ্যের মধ্যে মাত্র একটি পণ্যের মান খারাপ পেয়েছে বিএসটিআই।
আগামী রোববার নাগাদ সবগুলো নমুনার ফল পাওয়া যাবে বলে বিএসটিআই সূত্র জানিয়েছে।
বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত বছরের সঙ্গে তুলনা করে বলছেন, ফরমালিন ও কার্বাইড ব্যবহার এবং পণ্যে ভেজালের প্রবণতা অনেকটাই কমেছে। তবে এই অবস্থা ধরে রাখতে হলে নিয়মিত অভিযানের পাশাপাশি রমজান মাসে বিশেষ অভিযান পরিচালনার কথা জানান তাঁরা।
বিএসটিআই সিদ্ধান্ত নিয়েছে, ভেজালবিরোধী অভিযান ও কর্মকাণ্ড সম্পর্কে প্রতিদিন মন্ত্রণালয় ও গণমাধ্যমকে বিভিন্ন তথ্য জানানো হবে। একই সঙ্গে রমজান মাসের পবিত্রতা রক্ষায় ঢাকাসহ সারা দেশে ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, যখন-তখন, যেকোনো সময় এবং যেকোনো জায়গায় আকস্মিক অভিযান চলবে। এ ক্ষেত্রে ফুটপাত থেকে বড় কারখানা সবখানেই অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ কার্যক্রম সম্পর্কে ওই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, রমজান মাসজুড়ে বিশেষ অভিযান চলবে, যা দু-এক দিনের মধ্যেই শুরু হবে। রোজাদারেরা সচরাচর যেসব খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন, সেগুলোর ওপর বিশেষ নজর দেওয়া হবে। বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরে প্রতিদিন চারটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। মন্ত্রী বলেন, ভেজাল খাবার দিয়ে যে ব্যবসায়ী ক্ষতি করছেন, তিনি এবং তাঁর পরিবারও ক্ষতির মুখে পড়তে পারে। ব্যবসায়ীরা এভাবে ভাবলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি এবং আইনের প্রয়োগ করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। ব্রিফিংয়ে শিল্পসচিব মো. মোশাররাফ হোসেন ভূঁইয়া স্বাগত বক্তব্য দেন।
এক প্রশ্নের জবাবে বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক বলেন, পরীক্ষায় বাংলাদেশে ম্যাগি নুডলসে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। ম্যাগিসহ পাঁচটি নুডলসের ওপর পরীক্ষার কথা জানিয়ে তিনি বলেন, সবগুলোর মান ঠিক আছে।
শিল্পমন্ত্রী আরও বলেন, ইফতার ও সেহ্রিতে অধিক পরিমাণে ব্যবহার করা হয় এমন ২৯টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
বিএসটিআই সূত্র জানায়, ঢাকার মিরপুর, কারওয়ান বাজার, রামপুরা ও তেজগাঁও এলাকা থেকে মুড়ি, আম, আপেল, খেজুর, ঘি, ভোজ্যতেল, সেমাইসহ ১০টি পণ্যের ২৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানের মুড়ি পরীক্ষা করে দেখা যায়, এটা হাইড্রোজমুক্ত।