চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে মাসব্যাপী ক্যারিয়ার কর্মশালা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) এই কর্মশালার আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাড়ে ছয় শ শিক্ষার্থী অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের তরুণেরা শিক্ষা-দীক্ষা, চিন্তা-চেতনায় এগিয়ে চলেছে দ্রুত। এ তরুণেরাই নির্মাণ করবে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ। তাদের হাত ধরেই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সর্বোপরি এই তরুণদের মেধা ও মনন দ্বারা বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’
অনুষ্ঠানে অনুপ্রেরণা প্রদানকারী বক্তা ছিলেন তরুণ উদ্যোক্তা ও এভারজবস বিডির ব্যবস্থাপনা পরিচালক সাবিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের সবারই জীবনে বড় হওয়ার একটি স্বপ্ন থাকে। আমাদের সবারই উচিত সে স্বপ্নের পেছনে ছোটা। আর কখনো হাল ছেড়ে না দেওয়া। স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে স্বপ্নের পেছনে লেগে থাকতে হবে একাগ্রচিত্তে।’
সিইউডিএসের মডারেটর অধ্যাপক ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের অ্যাসোসিয়েট মডারেটর ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক এ বি এম আবু নোমান, সভাপতি কাজী জাওয়াদ হোসেন। এ ছাড়া ক্যারিয়ার বিষয়ে বক্তব্য দেন এভারজবস বিডির ক্যারিয়ার বিশেষজ্ঞ ঈপ্সিত তরফদার ও আমিনুর রশিদ খান।