মাসব্যাপী বাণিজ্য মেলা আজ শুরু
১৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ শনিবার শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। এবারের মেলায় বাংলাদেশসহ ১২টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পৌনে পাঁচ শতাধিক প্যাভিলিয়ন ও স্টল থাকছে।
মেলা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দেশের বাণিজ্য সম্প্রসারণ, পণ্য উন্নয়ন ও বহুমুখীকরণসহ ক্রেতা-বিক্রেতাদের সহযোগিতা ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করবে এই বাণিজ্য মেলা।
প্রধানমন্ত্রী বলেছেন, মেলার মধ্য দিয়ে দেশীয় উদ্যোক্তারা বিদেশি পণ্য ও ক্রেতাদের রুচি, মান ও চাহিদা ইত্যাদি বিষয়ে ধারণা পান। এতে দেশি পণ্যের প্রতিযোগিতার সামর্থ্য বাড়ে এবং রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও মান উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়।
এদিকে মেলার বিস্তারিত জানাতে গতকাল শুক্রবার মেলা প্রাঙ্গণের মিডিয়া সেন্টারে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ বলেন, হরতাল-অবরোধ সত্ত্বেও মেলার কাজ শেষ হয়েছে। এখন আর কোনো সমস্যা হবে না।
মেলায় ২০১০ সালে ২২ কোটি ৮৬ লাখ, ২০১১ সালে ২৫ কোটি, ২০১২ সালে ৪৩ কোটি ১৮ লাখ এবং গত বছর ১৫৭ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। এবার আরও বেশি হবে বলে প্রত্যাশা করেন বাণিজ্যসচিব। তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির মধ্যেও মেলায় এবার লোকসমাগম হবে। আশা করছি, প্রতিদিন এক লাখের বেশি দর্শনার্থী আসবেন।’
বাণিজ্যসচিব আরও জানান, এবারের মেলায় ৯৬টি প্যাভিলিয়ন, ৪৯টি মিনি-প্যাভিলিয়ন, ৩১৬টি স্টল, ১০টি রেস্তোরাঁ এবং তিনটি মা ও শিশু পরিচর্যাকেন্দ্র থাকছে। মেলায় অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়া, হংকং, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, তুরস্ক ও সিঙ্গাপুর। মেলায় ২৮টি বিদেশি স্টল ও প্যাভিলিয়ন আছে। বিদেশি অংশগ্রহণকারীদের জন্য এবার আলাদা জোন করা হয়েছে।
এবার মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এবার মেলায় প্রবেশমূল্য ১০ টাকা বাড়িয়ে প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ ও শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে মেলাটি আয়োজন করছে।
এদিকে গত মাসের শেষ সপ্তাহে বাণিজ্য মেলায় পাকিস্তানি স্টল বরাদ্দ বাতিলের দাবি জানিয়ে ইপিবির কাছে স্মারকলিপি দেন গণজাগরণ মঞ্চের নেতারা।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু বলেন, দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে। এ ক্ষেত্রে অন্যান্য দেশের মতো পাকিস্তানও বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে।