মাসিক আইনশৃঙ্খলা সভায় চিকিৎসকদের প্রতি ক্ষোভ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় গতকাল রোববার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
সভায় উপস্থিত কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে ওই সভা হয়।
সভায় কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওবায়দুল হক চৌধুরী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাঁদের পাওয়া যায় না। এতে স্বাস্থ্যসেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। চিকিৎসকদের গাফিলতির দায় জনপ্রতিনিধি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ এড়াতে পারেন না।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সামছুল হক বলেন, গত বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অভাবে দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাজ্জাজুল আলম প্রামাণিকের মৃত্যু হয়। ওই দিন সকাল ১০টা পর্যন্ত সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না।
সাংবাদিক আশরাফুল আলম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসক রয়েছেন। এ ছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে ১০ জন চিকিৎসককে এনে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন চিকিৎসকের সংখ্যা ১৯। এরপরও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের পাওয়া যায় না। চিকিৎসার অভাবে ইউপি সদস্য হাজ্জাজুল মারা গেলেন। বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক কামরুজ্জামান বলেন, ওই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে গেলে চিকিৎসককে পাওয়া যায় না। চিকিৎসা দেন উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তারা।
সাংবাদিক রেজাউল করিম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো চিকিৎসক তাঁদের দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করতে চান না।
উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি বলেন, ‘আমি বারবার চিকিৎসকদের সঠিক সময়ে দায়িত্ব পালনের জন্য তাগিদ দিচ্ছি, তাঁরা শুনছেন না। শুনলে চিকিৎসার অভাবে রোগী মারা যেত না। সাধারণ মানুষও চিকিৎসকদের প্রতি ক্ষুব্ধ হতো না।’ সভায় উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মোখলেসুর রহমানকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে থাকেন। না হলে বদলি হয়ে চলে যান।’
সভায় আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও ইউএনও কাজী আবেদা গুলশান বলেন, ‘চিকিৎসকেরা জরুরি সেবা দেন। তাই স্বাস্থ্য কমপ্লেক্সে সব সময় চিকিৎসক নিশ্চিত করতে হবে। আমি এখানে নতুন এসেছি। স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে সবার অনেক অভিযোগ শুনলাম। বিষয়টি দেখা হবে।’