মাসিক চিকিৎসা ভাতার দাবি অ্যাসিডদগ্ধদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসার জন্য যৎসামান্য টাকা পেয়ে খুশি ভোলার আট অ্যাসিডদগ্ধ নারী-পুরুষ। তাঁরা সরকারের কাছে মাসিক চিকিৎসা ভাতার দাবি করেছেন। গতকাল মঙ্গলবার ভোলা জেলা প্রশাসনের মিলনায়তনে টাকা দেওয়ার সময় তাঁরা এ দাবি জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় অ্যাসিডদগ্ধদের চিকিৎসা সহায়তা ফান্ড থেকে চরফ্যাশনের বকুল বেগমকে ১৫ হাজার, জরিনা বেগমকে ১৫ হাজার, রাবেয়া বেগমকে ১২ হাজার, মো. আবদুল হাসিমকে ১০ হাজার ও সুরমা বেগমকে ৮ হাজার এবং লালমোহনের কদভানু বেগমকে ১৫ হাজার, আঁখি আক্তারকে ১২ হাজার ও আয়েশা মুন্নিকে ১০ হাজার টাকা দেওয়া হয়।
জাতীয় অ্যাসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের ভোলা জেলা কমিটির প্রধান জেলা প্রশাসক মো. সেলিম রেজা তাঁদের হাতে এই টাকা তুলে দেন। ২০১১ সালে ওই ফান্ডে সরকার ২ লাখ ২৫ হাজার টাকা দেয়। ওই বছর ও এর পরে ১ লাখ ১৩ হাজার টাকা অ্যাসিডদগ্ধদের মধ্যে চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয়।
অ্যাসিডদগ্ধদের টাকা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, ভোলার সিভিল সার্জন ফরিদ আহমদ, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।
অ্যাসিডদগ্ধ সুরমা বেগম বলেন, ‘অ্যাসিডে পুড়ে যাওয়া ক্ষতস্থানে অমাবস্যা-পূর্ণিমায় এখনো চুলকানি ওঠে, জ্বলুনি উঠলে শিশুদের মতো কান্না ছাড়া উপায় থাকে না। নিয়মিত ওষুধ খেলে ওই সমস্যা হয় না, কিন্তু ওষুধ কেনার টাকার চাইতে দুইবেলা ভাত খাওয়া জরুরি। তাই আর ওষুধ খাওয়া হয়ে ওঠে না। সরকার থেকে চিকিৎসা অনুদান পেয়ে উপকার হয়েছে সত্যি, কিন্তু ওষুধ খাওয়া হবে কি না সন্দেহ। তাই সরকারের কাছে চিকিৎসার জন্য মাসিক ভাতা চাই।’
সুরমার মতো একই সমস্যার কথা তুলে ধরেন বাকি সাতজন অ্যাসিডদগ্ধ।