মাসিক বিজ্ঞানচিন্তার যাত্রা শুরু

বিজ্ঞান-সচেতনতা বাড়ানো এবং বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ আবিষ্কার, অর্জন ও সম্ভাবনার কথা সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু হলো মাসিক বিজ্ঞানচিন্তার।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এক অনুষ্ঠানে মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে এ সাময়িকীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সর্বস্তরে বিজ্ঞান প্রসারের লক্ষ্যে এ সাময়িকীতে সহযোগিতা করছে সিটি ব্যাংক।
অনুষ্ঠানে অতিথিরা বিজ্ঞানচিন্তার সফলতা কামনা করে বলেন, বিজ্ঞানের বিষয়গুলো এমনভাবে লিখতে হবে, যেন সর্বস্তরের মানুষ বুঝতে পারেন। বিজ্ঞান-সচেতনতা সৃষ্টিতে বিজ্ঞানচিন্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তাঁরা। একই সঙ্গে তাঁরা বিজ্ঞান লেখক তৈরি করার ওপর গুরুত্ব দেন।
জনপ্রিয় বিজ্ঞান লেখক অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম এর আগে প্রকাশিত বিজ্ঞান সাময়িকীসহ কয়েকটি বিজ্ঞানবিষয়ক পত্রিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, দুনিয়ায় কী আসছে, কী হবে, তার আভাস দেবে বিজ্ঞানচিন্তা।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ নতুন প্রজন্মের চিন্তা করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, মাথা সমৃদ্ধ হলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। তিনি আশা করেন, বিজ্ঞানচিন্তার মাধ্যমে বিজ্ঞানমনস্ক জাতি তৈরি হবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক মুখ্য বিজ্ঞানী রেজাউর রহমান বলেন, মানুষের মধ্যে বিজ্ঞানচিন্তা অবশ্যই জোরদার করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সিদ্দিক-ই রাব্বানী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া সভ্যতা হয় না। সভ্যতার প্রথম বিষয় ছিল আগুন জ্বালানো ও নিয়ন্ত্রণ করা। সহজভাবে মানুষের কথা এই সাময়িকীতে আনতে হবে। আবিষ্কার ও প্রচেষ্টাকে সামনে আনতে হবে।
বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম সবার সহযোগিতা কামনা করে বলেন, এটির উদ্দেশ্য হলো এমনভাবে বিজ্ঞানকে মানুষের কাছে নিয়ে যাওয়া, যাতে বিজ্ঞানের বিষয়গুলো সবাই সহজভাবে বুঝতে পারেন। এতে অনেক গুরুগম্ভীর কথা থাকবে, কিন্তু এমনভাবে থাকবে, যেন সবাই অনুধাবন করতে পারেন।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, বিজ্ঞানচিন্তা যেন সব শ্রেণির পাঠকের কাছে পৌঁছাতে পারে, সেই চেষ্টা থাকতে হবে। বড় চ্যালেঞ্জ হলো বিজ্ঞান লেখক তৈরি করা। তিনি আশা করেন, সেটা পারা যাবে।
মাসিক বিজ্ঞানচিন্তা প্রকৃতপক্ষে মানুষের বিজ্ঞানমনস্কতাকে উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন কিশোর আলোর সম্পাদক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।
প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসানের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান বক্তা আসিফ, তরুণ লেখক ইবরাহিম মুদ্দাসসের প্রমুখ।
বিজ্ঞানচিন্তার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।