মাসিক সমন্বয় সভা বর্জন করলেন ইউপি চেয়ারম্যানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করায় গতকাল বুধবার নওগাঁর বদলগাছিতে ইউপির চেয়ারম্যানরা মাসিক সমন্বয় কমিটির সভা বর্জন করেছেন।
গতকাল বিকেলে বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুসাইন শওকত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপজেলার আটটি ইউনিয়নের কোনো চেয়ারম্যানই উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় কমিটির মাসিক সভায় আসেননি। উপজেলা পরিষদের চেয়ারম্যান একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি—এমন একটি লিখিত অভিযোগ আধাইপুর ইউপির চেয়ারম্যান আমার কাছে দিয়েছেন। এ সময় অন্য চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন। দু-এক দিনের মধ্যেই অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করব। উপজেলা পরিষদের চেয়ারম্যান মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হলে পদে থাকতে পারবেন না।’
দুই-তিনজন ইউপির চেয়ারম্যান অভিযোগ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অলি আহমদ চৌধুরী বালুভরা ও বিলাশবাড়ী ইউনিয়নের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যান। এ সময় তিনি ওই দুই ইউপির চেয়ারম্যানকে গালিগালাজ করেন। তিনি আরও দুটি ইউনিয়নে গিয়ে একই আচরণ করেন। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী যোগসাজশ করে বার্ষিক উন্নয়ন খাতের (এডিপি) বরাদ্দ টাকা লুট করেছেন।
কোলা ইউপির চেয়ারম্যান গোলাম রব্বনী অভিযোগ করেন, এই উপজেলায় এডিপির ২৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী যোগসাজশ করে কোনো কাজ না করেই গত জুন মাসে বরাদ্দের টাকা তুলে নিয়েছেন। পরে ইউপির চেয়ারম্যানরা বিষয়টি জানতে পারেন। এসব ঘটনার প্রতিবাদ করায় উপজেলা পরিষদের চেয়ারম্যান তাঁদের চোর বলে গালিগালাজ করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যানের দুর্ব্যবহার ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে তাঁরা মাসিক সমন্বয় সভা বর্জন করেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অলি আহমদ চৌধুরী দাবি করেন, ইউএনও, উপজেলা প্রকৌশলীসহ তিনি কয়েক দিন বালুভরা ও বিলাশবাড়ী ইউনিয়নে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপি) এবং উপজেলা পরিষদের এক পারসেন্ট বরাদ্দের উন্নয়ন প্রকল্প দেখতে গিয়েছিলেন। এসব প্রকল্পের বিপরীতে ইউপির চেয়ারম্যানরা টাকা উত্তোলন করলেও কোনো কাজ করেননি। এসব ঘটনার প্রতিবাদ করায় ইউপির চেয়ারম্যানরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছেন।
তবে এডিপির ২৪ লাখ টাকা প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান বলেন, নিয়ম অনুযায়ী সব কাজ করা হয়েছে। এতে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামানের মুঠোফোনে তিন-চারবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।