মাসিক সমন্বয় সভায় অভিযোগ আর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার মাসিক সমন্বয় সভায় ফাঁস হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে বদলি শিক্ষক, কর্মকর্তাদের অনুপস্থিতি আর নানা অনিয়মের কথা। সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ধমর্ঞ্চবীর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা এসব অভিযোগ করেন।
মেরুং ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে মেরুং। এখানে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির খুবই নাজুক অবস্থা। মানুষের গুরুত্বপূর্ণ এ তিনটি বিষয়ের কোনোটিই সঠিকভাবে পালিত হচ্ছে না। মেরুং ইউনিয়নে দুটি উপস্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেখানে মানুষ কোনো চিকিৎসাসেবাই পায় না। উপস্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যান না। ফলে চিকিৎসা নিতে আসা লোকজন অপেক্ষা করে ফেরত যায়।
আটজন উপসহকারী কৃষি কর্মকর্তার মধ্যে মাত্র একজন দায়িত্ব পালন করেন। বাকি সাতজন এলাকায় মাসে একবারের জন্য যান না, এমনকি কৃষকেরাও তাঁদের চেনেন না। এখানে প্রাথমিক শিক্ষাব্যবস্থার আরও নাজুক অবস্থা। বদলি শিক্ষক দিয়ে বিদ্যালয় চালানো হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলে মোশাররফ হোসেন বলেন, ‘গত অর্থবছরে বরাদ্দকৃত রিং টিউবওয়েল এখনো স্থাপন করা হয়নি। শুনেছি, ঠিকাদার বিলও তুলে নিয়ে গেছেন। কিন্তু কাজ এখনো শুরুই করেননি।’
বাবুছড়া ইউপি চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা বলেন, ‘আমি অভিযোগ করছি না। তবে নিয়মিত পর্যবেক্ষণের দাবি করে বলছি, আমার ইউনিয়নেও একই দুরবস্থা। শিক্ষকেরা যাতে বদলি শিক্ষক না দেন, সে জন্য তাঁদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছি।’
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন উপসহকারী কৃষি কর্মকর্তাদের অনুপস্থিত থাকার সত্যতা ও তাঁদের পক্ষাবলম্বন করে বলেন, দায়িত্ব পালনের জন্য এলাকাগুলোতে বসার কোনো পরিবেশ না থাকার কারণে এমনটা হচ্ছে। এটাই বাস্তবতা।
এ সময় সমন্বয় সভায় উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জনপ্রতিনিধিরা কৃষি কর্মকর্তার বক্তব্যের বিরোধিতা করে বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠকর্মী হিসেবেই চাকরি নিয়েছেন। তাঁদের মাঠে গিয়েই কৃষকদের খোঁজখবর নিতে হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, মাসে চার-পাঁচটি মাত্র বিদ্যালয় পরিদর্শন করা সম্ভব হয়। অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন গত অর্থবছরের কাজ এখনো সমাপ্ত না হওয়ার কথা স্বীকার করে বলেন, কাজ শেষ হয়নি সত্য, তবে কাজের অনুকূলে ঠিকাদারকে কোনো বিল ছাড় করা হয়নি।
ধমর্ঞ্চবীর চাকমা জনপ্রতিনিধিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘মাঠপর্যায়ে পর্যবেক্ষণ বাড়াতে হবে। কাজ করবেন না, জনগণকে সেবা দেবেন না আর মাসে মাসে বেতন নেবেন, তা হবে না।’ সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজুল জাহিদ পাভেল, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা, শতরুপা চাকমা, ওসি সাহাদাত হোসেন প্রমুখ।