ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুলছাত্রী খাদিজা মনি ওরফে মিতুকে (৭) অপহরণের পর খুনের ঘটনার দুই মাস পর অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. সফিকুল ইসলামের আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।
একমাত্র আসামি মাসুক মিয়ার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে বলা হয়, অনৈতিক কাজে সহযোগিতা না করা এবং মুক্তিপণের টাকার জন্য মাসুক খাদিজাকে একাই অপহরণের পর খুন করেছেন।
নিহত খাদিজা কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাড়াই গ্রামের আল-আমিন মিয়ার মেয়ে। সে স্থানীয় কসবা ইমাম প্রিক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। গত ৫ মার্চ তাকে অপহরণ করা হয়। ৭ মার্চ লাশ উদ্ধার করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে বলা হয়, মাসুক খাদিজাদের আত্মীয়। গত ১৩ ফেব্রুয়ারি এক বান্ধবীকে নিয়ে কসবার ইমামপাড়ায় খাদিজাদের বাসায় সময় কাটান মাসুক। খাদিজার মা রুনা আক্তার বিষয়টি সৌদি আরবপ্রবাসী স্বামী আল-আমিনকে জানান। কয়েক দিন পর ওই বান্ধবীকে নিয়ে মাসুক আবার বাসায় এলে রুনা তাঁদের ফিরিয়ে দেন ও মাসুকের পরিবারকে ঘটনাটি জানিয়ে দেন। পরিবারের কাছে তিরস্কৃত হয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন মাসুক।
৫ মার্চ সকালে খাদিজা মক্তবের উদ্দেশে বাসা থেকে বের হয়। এ সময় মাসুক তাকে ফুসলে অপহরণ করে ইমামপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় নিয়ে যান। সেখানে দুই ঘণ্টা পর মাসুক খাদিজাকে শ্বাসরোধের পর ছুরি দিয়ে গলা কেটে খুন করে পলিথিন দিয়ে মুড়িয়ে একটি ভবনের ফ্ল্যাটে লুকিয়ে রাখেন। হত্যার পর খাদিজার মায়ের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মাসুক।
মামলার তদন্তকারী কর্মকর্তা কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর মাসুক মিয়া আদালতের ১৬৪ ধারায় জবানবন্দিতে খুনের ঘটনার বর্ণনা দিয়েছিলেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।