মাসুদ আলমের ওপর হামলাকারী ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুদ আলম
মাসুদ আলম

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলমকে ছুরিকাঘাতকারী পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইকারীদের কাছে থেকে মাসুদ আলমের একটি মুঠোফোনও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রমনা থানার পুলিশ।

গত শুক্রবার রাত ১১টার দিকে রমনা পার্কের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাসুদ আলম আহত হন। ছিনতাইকারীরা মাসুদ আলমের দুটো মুঠোফোন ও সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে যায়। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার আজ রোববার প্রথম আলোকে বলেন, শুক্রবারের ওই ঘটনার পরপরই পুলিশ দুষ্কৃতকারীদের ধরতে তৎপরতা শুরু করে। পুলিশ গতকাল রাতে রাজধানীর পল্টন ও কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে আটক করে। তাদের কাছে থেকে মাসুদ আলমের একটি মুঠোফোন উদ্ধার করা হয়। আরেকটি মুঠোফোন ছিনতাইকারীরা গুলিস্তানের একটি দোকানে বিক্রি করে দিয়েছে। কাল রাতে গিয়ে সেই দোকান বন্ধ পাওয়া যায়।

রমনা পার্কের যে পাশে প্রধান বিচারপতির বাসভবন, সেদিকে ছিনতাইকারীর কবলে পড়েন মাসুদ আলম। তিনি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে হেঁটে অফিসে ফিরছিলেন। তাঁর বুকের বাঁ পাশে ছুরির আঘাত লাগে।