মাসুদ আলমের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ
প্রথম আলোর যশোরের অভয়নগর উপজেলা প্রতিনিধি মাসুদ আলমের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার নওয়াপাড়া শহরে নওয়াপাড়া প্রেসক্লাব ও অভয়নগর উপজেলা পেশাজীবী সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম কমিটির আহ্বায়ক মোল্যা ওলিয়ার রহমান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌরসভার সাবেক মেয়র এনামুল হক, মুক্তিযোদ্ধার কমান্ডার মোশাররফ হোসেন, বৈকুণ্ঠ বিহারী রায়, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম রফিকুল আলম, সাধারণ সম্পাদক মোস্তফা ফারুক আহম্মেদ, নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোল্যা প্রমুখ।বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ লেখার কারণে মাসুদ আলমের ওপর হামলা চালানো হয়েছে। সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ বিশ্বাসের নির্দেশে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তাঁরা।এদিকে সাংবাদিক মাসুদ আলমের ভাই নূর আলম বাদী হয়ে গত শুক্রবার রাতে ইউপি চেয়ারম্যান পরিতোষ বিশ্বাসকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।