মাসুদ বিন মোমেনের পরিচয়পত্র পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের  স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন সংগঠনটির মহাসচিব বান কি মুনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করছেন।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন সংগঠনটির মহাসচিব বান কি মুনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করছেন।

জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন সংস্থাটির মহাসচিব বান কি মুনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী গতকাল মঙ্গলবার তিনি জাতিসংঘের সদর দপ্তরে এ পরিচয়পত্র পেশ করেন।
১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর মাসুদ বিন মোমেন হলেন বাংলাদেশের ১৪ তম স্থায়ী প্রতিনিধি। এর মধ্য দিয়ে তিনি আগের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেনের স্থলাভিষিক্ত হলেন। মাসুদ বিন মোমেন এর আগে জাপানে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।
পরিচয়পত্র পেশকালে মাসুদ বিন মোমেন জাতিসংঘের মহাসচিবের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় বান কি মুন সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়নের প্রশংসা করেন। তিনি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে বাংলাদেশের সাফল্যেরও প্রশংসা করেন। টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনেও বাংলাদেশ আরও বেশি সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বান কি মুন। জাতিসংঘের উদ্যোগে আগামী বছরের সাধারণ পরিষদের অধিবেশনে অব্যবহিত পূর্বে অনুষ্ঠেয় অভিবাসন সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশ ২০১৬ সালে ‘গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ এর সভাপতি হিসেবে অভিবাসন ও উন্নয়নে নেতৃত্ব দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাসুদ বিন মোমেন আগামী বছর ‘ওয়ার্ল্ড হিউম্যানেটারিয়ান সামিট’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান। তিনি জাতিসংঘে এলডিসি গ্রুপের সভাপতি, শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠাসহ টেকসই উন্নয়নের বিভিন্ন খাতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে মিসেস বান কি মুনও উপস্থিত ছিলেন। বিশ্বজুড়ে অটিজম সচেতনতা সৃষ্টি ও এর প্রতিরোধে মিসেস বান কি মুনের আগ্রহের জন্য স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন তাঁকে ধন্যবাদ জানান। তিনি আগামী বছর বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান।