গত এক বছর বড় অসুস্থ ছিলেন শিল্পী মাসুদা কাজী। দুরারোগ্য ক্যানসারের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকতে গিয়ে অনেকটাই ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। তবু থেমে যাননি, ক্লান্ত হয়নি তাঁর সৃজনশীল শিল্পীমন। বরং শিল্পই একসময় হয়ে উঠেছিল বেঁচে থাকার প্রেরণা। পাখির কাছে, প্রজাপতির কাছে, কখনো রবীন্দ্রনাথে, কখনো বা বটবৃক্ষের শীতল ছায়ায় আশ্রয় খুঁজেছেন। মন যখন যেখানে বিচরণ করত, সেসবই এঁকেছেন তিনি। সেই ছবিগুলো নিয়েই উত্তরার গ্যালারি কায়ায় গতকাল শুক্রবার শুরু হয়েছে তাঁর একক প্রদর্শনী ‘স্মল ইজ বিউটিফুল’।শিল্পী মাসুদা কাজীর এই একক প্রদর্শনীর মধ্য দিয়ে গ্যালারি কায়া পদার্পণ করল সপ্তম বর্ষে। প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী। প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৭৮টি। নিজের তৃতীয় একক এই প্রদর্শনীর উদ্বোধনীতে বক্তব্য দিতে গিয়ে বারবার আবেগাপ্লুত হন শিল্পী মাসুদা কাজী। জানালেন, বিশাল জগতের কোনো কিছুই যে তুচ্ছ নয়, এমন বোধে তাড়িত হয়ে ছোট পরিসরে জগৎকে ধরতে চেয়েছেন তিনি। এই মানসিক অনুভূতি নিয়ে আঁকা ছবিগুলো কখনো হয়ে উঠেছে বেদনার্ত, আবার কখনো দারুণ প্রাণোচ্ছল। জলরং ও অ্যাক্রেলিকে মূর্ত বা আধাবিমূর্ত রীতিতে তুলে ধরেছেন প্রকৃতির সূক্ষ্মাতিসূক্ষ্ম নানা অনুষঙ্গ। বিষয়ের সঙ্গে সংগতি রেখেই ছবিতে ব্যবহার করেছেন রং। তিনি এঁকেছেন ডালপালা প্রসারিত বটবৃক্ষ, রঙিন ডানার প্রজাপতি, আদুরে ভঙ্গির বেড়াল, পাখপাখালি, রবীন্দ্রনাথের প্রতিকৃতি প্রভৃতি। এ উপলক্ষে গ্যালারি কায়া একটি বইও প্রকাশ করে।উদ্বোধনী অনুষ্ঠানে কায়া প্রাঙ্গণ শিল্পী ও শিল্পানুরাগীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত। গ্যালারির পরিচালক গৌতম চক্রবর্তী জানান, ২০০৪ সালের ২৮ মে যাত্রা শুরু করে এযাবৎ ৪০টি একক ও দলীয় প্রদর্শনী এবং দুটি আর্ট ক্যাম্পের আয়োজন করেছেন তাঁরা। মনে রেখো মোর গানপঞ্চকবির গানের সেই উজ্জ্বল দিনগুলোতে আরও অনেকেই ছিলেন, যাঁদের গান ছিল অত্যন্ত মমস্পর্শী ও বাঙালি মধ্যবিত্তের কাছে জনপ্রিয়। ১৯০০ থেকে ১৯৫০ সালে পঞ্চকবির বাইরে যাঁদের গান শ্রোতামনে অনুরণন তুলেছিল, তাঁদের গান নিয়েই সংগীতসন্ধ্যার আয়োজন করেছিল গীতিসত্র।গতকাল সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে ‘মনে রেখো মোর গান’ নামের এই অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ভূঁইয়া শফিকুল ইসলাম ও নাট্যজন বিপ্লব বালা। গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের প্রতি শোক আর গীতিসত্রের প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হকের প্রতি সম্মান জানিয়ে শুরু হয় গান। শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘ফিরে চল আপন ঘরে’ গানটি। এরপর একক কণ্ঠের পরিবেশনা। সুমন চৌধুরী গাইলেন, ‘অনুগতজনে কেন কর এত প্রবঞ্চনা’ ও ‘ছন্দে ছন্দে নাচে নন্দদুলাল’ গান দুটি। আলপনা চক্রবর্তী ‘হূদয় কাহারে যেন চেয়েছিল’, সাইফুল্লাহ পারভেজ ‘এসেছিলে মধুযামিনী’, মনসুরা বেগম ‘যেথা গান থেমে যায়’ ও ‘পিয়াসী ভাঙিলে যে মোর ঘুমঘোর’ গেয়ে শোনান। পার্থ তানভীর নভেদ ‘এখনি উঠিবে চাঁদ’ ও ‘আমারে রেখেছ সোনার স্বপনে’, শারমীন সাথী ইসলাম ‘চাঁদ কহে চামেলী’ ও ‘ওরে মাঝি তরী হেথা’ পরিবেশন করেন।ইফ্ফাত আরা দেওয়ান শোনালেন ‘মোর প্রেম গান হারায়েছে’ ও ‘আমি জগতের কাছে’ গান দুটি।এ ছাড়া গেয়েছেন শওকত হোসেন, প্রিয়াংকা গোপ, রিপন মণ্ডল, মুসার্রাত জার্রীন ও সঞ্জয় রায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় এই গানের আসর। হারানো দিনের স্মৃতি-জাগানিয়া গানের এমন মধুর আয়োজন মনে ধরেছিল শ্রোতাদের। তাই ‘মনে রেখো মোর গান’ অনুষ্ঠানটির কথা মনে থাকবে তাঁদের অনেক দিন।