মাসুমের সততা
প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য বের হয়েছিলেন শেখ মাসুম। নগরের শিল্পব্যাংক এলাকার রাস্তায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে হাতে তুলে নেন। খুলে দেখেন ভেতরে অনেকগুলো টাকার বান্ডিল। ভেবেছিলেন পাশের ব্যাংকে ঢোকার পথে কারও টাকা পড়ে গেছে। তবে ব্যাংকে গিয়ে খোঁজাখুঁজি করেও কাউকে পাননি। এর মধ্যে কয়েক যুবক তাঁকে হুমকি-ধমকি দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সেখান থেকে ছাড়া পেয়ে সাতপাঁচ না ভেবে সোজা মেয়রের বাড়ি গিয়ে টাকার ব্যাগ তুলে দেন মেয়র পত্নীর হাতে।
শেখ মাসুম খুলনা সিটি করপোরেশনের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের সুপারভাইজার। ৯ মার্চ দুপুরে পাওয়া ওই টাকার অঙ্ক গোপন রেখে একটি স্থানীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি দেখে এক ক্ষুদ্র ব্যবসায়ী টাকা তাঁর বলে দাবি করেন এবং উপযুক্ত প্রমাণও দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে নগর ভবনে আড়াই লাখ টাকা মুজগুন্নী এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের হাতে তুলে দেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস। টাকা বুঝে পাওয়ার পর সেখান থেকে ২০ হাজার টাকা মাসুমকে উপহার হিসেবে দেন ওই ক্ষুদ্র ব্যবসায়ী। মাসুম উপহারের টাকা এলাকার মসজিদে দান করে দেন।
হাবিবুর রহমান বলেন, ৯ মার্চে বাড়ি থেকে খুলনা বড় বাজারে আসার পথে মোটরসাইকেলের পেছনে রাখা টাকাসহ কাপড়ের ব্যাগটি হারিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তিনি ব্যাগ পাননি। টাকা হারিয়ে পাগলপ্রায় তিনি ১০ মার্চ পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে আশা ফিরে পান। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত পেলেন।
ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস বলেন, ‘সমাজে অসৎ লোকের ভিড়ে মাসুমের সততা দেখে অনেক ভালো লেগেছে।’