মাসে এক দিন ব্যক্তিগত গাড়িমুক্ত মানিক মিয়া অ্যাভিনিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ ও সুন্দর রাজধানী গড়তে ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদ্‌যাপিত হয়৷ এই আয়োজনে ছিল স্কেটিং। ছবি: সাবিনা ইয়াসমিন
নিরাপদ ও সুন্দর রাজধানী গড়তে ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদ্‌যাপিত হয়৷ এই আয়োজনে ছিল স্কেটিং। ছবি: সাবিনা ইয়াসমিন

যানজট ও দূষণমুক্ত নগরের জন্য প্রতি মাসের প্রথম শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ব্যক্তিগত গাড়িমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এই ঘোষণা দেন। বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস-২০১৭ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উদ্‌যাপনে নানা আয়োজনের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস নিয়ে আমরা কাগজে লিখলাম, সুন্দর সুন্দর বক্তব্য দিলাম...বাস্তবতা যদি না থাকে তাহলে এসব কথা বলে লাভ নেই। শুধু মুখে নয়, গাড়িমুক্ত দিবসের যথার্থতা আমরা যেন উপলব্ধি করি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন৷ ছবি: সাবিনা ইয়াসমিন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন৷ ছবি: সাবিনা ইয়াসমিন

এ পর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম এবং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশ করে মন্ত্রী অন্তত একটি দিন যেকোনো একটি সড়কে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ রাখার ব্যাপারে মত দেন। কোন সড়কটি বন্ধ রাখা যায়?—মন্ত্রীর এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম মানিক মিয়া অ্যাভিনিউয়ের নাম প্রস্তাব করেন।

এর পরিপ্রেক্ষিতে বাস্তবে কিছু করার তাগিদ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু ভাষণ দিয়ে চলে গেলাম, বেলুন ওড়ালাম...হলো না কিছু।’ পরে অনুষ্ঠানস্থলে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি মাসের প্রথম শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউ ব্যক্তিগত গাড়িমুক্ত থাকবে।’

মানিক মিয়া অ্যাভিনিউ আজ গাড়িমুক্ত। ফাঁকা রাস্তায় মনের আনন্দে সাইকেল চালিয়েছেন অনেকে। ছবি: সাবিনা ইয়াসমিন
মানিক মিয়া অ্যাভিনিউ আজ গাড়িমুক্ত। ফাঁকা রাস্তায় মনের আনন্দে সাইকেল চালিয়েছেন অনেকে। ছবি: সাবিনা ইয়াসমিন

বাংলাদেশের আয়োজকেরা ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছেন ‘যানজট ও দূষণমুক্ত নগরায়ণে প্রয়োজন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ’। দিবসটি উদ্‌যাপনের জন্য আজ সকাল নয়টার পর থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের একাংশে যান চলাচল বন্ধ রেখে আলোচনা, সচেতনতামূলক প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ক্যারম, লুডু, দাবা, ঘুড়ি ওড়ানো, দড়িলাফ, সাইক্লিং, স্কেটিংসহ বিভিন্ন খেলার ব্যবস্থা রাখা হয়।

বাংলাদেশে বেসরকারি উদ্যোগে ২০০৬ সাল থেকে দিবসটি পালন করা হলেও এবারের আয়োজনে ডিটিসিএর সঙ্গে যুক্ত হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং ঢাকা মহানগর পুলিশসহ আটটি সরকারি সংস্থা। এর বাইরে রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ওয়ার্ক ফর বেটার বাংলাদেশসহ ৩৬টি বেসরকারি সংস্থা।