মাসে এক লাখ গ্রাহক পল্লী বিদ্যুতের সংযোগ পাচ্ছে
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন এলাকায় এখন প্রতি মাসে প্রায় এক লাখ গ্রাহককে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হচ্ছে। এ জন্য প্রতি মাসে সংস্থার বিতরণ করা বিদ্যুতের চাহিদা বাড়ছে সর্বোচ্চ ৩৫ মেগাওয়াট।
বিআরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মইন উদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রামাঞ্চলের গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করেন শহরাঞ্চলের তুলনায় অনেক কম। কাজেই তাঁদের বেশি সংখ্যায় সংযোগ দিয়ে বিদ্যুৎ-সুবিধার আওতায় আনা সরকারের লক্ষ্য।
দেশে এখন মোট বিদ্যুৎ গ্রাহক দেড় কোটির মতো। এর মধ্যে প্রায় এক কোটি পাঁচ লাখ গ্রাহক বিআরইবির, যার প্রায় ৯০ লাখই আবাসিক গ্রাহক। সারা দেশে ৭২টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মাধ্যমে এই গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হয়। সরকারি হিসাবে এখন দেশে বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে সাত হাজার মেগাওয়াট। এর মধ্যে বিআরইবির সর্বোচ্চ চাহিদা সাড়ে তিন হাজার মেগাওয়াট।
বিআরইবি সূত্র জানায়, ১৯৭৭ সালে সংস্থাটি গঠনের সময় লক্ষ্য ধরা হয়েছিল ২৫ বছরের মধ্যে দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছানো। এখন লক্ষ্য হচ্ছে, ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ। এই লক্ষ্যে দেশের ৬১টি জেলার ৪৫৩টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ করেছে বিআরইবি। বর্তমানে তাদের বিতরণ লাইন রয়েছে প্রায় দুই লাখ ৬৬ হাজার কিলোমিটার।