মাসে গড়ে ২৮-৩০ হাজার জনশক্তি রপ্তানি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে প্রতি মাসে গড়ে ২৮ থেকে ৩০ হাজার জনশক্তি বিদেশে রপ্তানি করা হচ্ছে। প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি করতে আগামী দুই বছরের মধ্যে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে ৩৬টি ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ করা হবে। এর ফলে প্রতিবছর অতিরিক্ত এক লাখ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জাফরুল ইসলাম চৌধুরী, এ বি এম আবুল কাসেম, মো. শাহাবউদ্দিন, মারুফ সাকলান, মাহমুদ উস সামাদ চৌধুরী, মোশতাক আহমেদ এবং বেগম শাহিদা তারেক সভায় অংশ নেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় দক্ষ জনশক্তি গঠনের কাজ দ্রুততম সময়ে শুরু করার তাগিদ দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ইস্কাটনের ওয়ানস্টপ সার্ভিস কাম হোস্টেল কমপ্লেক্স নিয়েও বিস্তারিত আলোচনা হয়।