
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য মামলার তদন্তে নিযুক্ত সিআইডির কর্মকর্তা জজ মিয়ার পরিবারের ভরণ-পোষণের জন্য টাকা দিতেন বলে আদালতকে জানিয়েছেন জজ মিয়ার মা জোবেদা খাতুন। পরে এ ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সিআইডি টাকা দেওয়া বন্ধ করে দেয় বলে তিনি গতকাল সোমবার আদালতে দেওয়া সাক্ষ্যে বলেছেন।
জোবেদা খাতুনের এ সাক্ষ্য গ্রহণ করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন। আগামীকাল বুধবার জোবেদাকে জেরার দিন ধার্য করা হয়েছে।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য জজ মিয়া, তাঁর মা ও বোনকে আদালত সমন পাঠান। তাঁরা তিনজন গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে হাজির হন। জোবেদা খাতুনের সাক্ষ্য-জেরা শেষ হলে জজ মিয়া ও তাঁর বোন সাক্ষ্য দেবেন।
জোবেদা খাতুন সাক্ষ্যে বলেন, ২০০৫ সালে নোয়াখালীর সেনবাগ উপজেলার বীরকোট গ্রামের বাড়ি থেকে জজ মিয়াকে সেনবাগ থানার পুলিশ ধরে নিয়ে যায়। থানা থেকে জানানো হয়, জজ মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এরপর সিআইডির একটি গাড়িতে জজ মিয়াকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জোবেদা খাতুন পরে ঢাকায় সিআইডি কার্যালয়ে গিয়ে জানতে পারেন যে জজ মিয়াকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। সেখানে দেখা করতে গেলে প্রথমে কারা কর্তৃপক্ষ দেখা করতে দেয়নি। বলা হয়, কারাগারে দেখা করতে হলে আদালতের অনুমতি লাগবে। এরপর তিনি ছেলের সঙ্গে দেখা করতে কারাগারের এক ব্যক্তিকে তিন হাজার টাকা দিলে ওই ব্যক্তি তাঁকে পরদিন যেতে বলেন। পরদিন তিনি জেলখানায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন।
জোবেদা খাতুন সাক্ষ্যে বলেন, ‘তখন আমার ছেলে আমাকে বলে, “আম্মা কান্দিয়েন না, রশিদ ও রুহুল আমিন সাহেব বলেছেন, তাদের (সিআইডি) কথা যদি শুনি, তাহলে আপনাদের কোনো অভাব থাকব না। তাদের কথা শুনলে কোনো কিছুর অসুবিধা হবে না। তারাই আমাদের খাবারদাবার সবকিছু দিবে।” আমি বলি, বাবারে, হেরা তো আমাদের আত্মীয় না, কেন টাকাপয়সা দিবে? তখন জজ মিয়া আমারে বলে, “সিআইডি কার্যালয়ে যাও, তারা তোমাকে টাকাপয়সা দিবে ও সেনবাগ থানা পুলিশ আপনাকে দেখেশুনে রাখবে।”’ তিনি বলেন, এরপর তিনি মেয়ে খোরশেদাসহ সিআইডি কার্যালয়ে যান। সেখানে জজ মিয়ার মা পরিচয় দেওয়ার পর তাঁদের সিআইডি কার্যালয়ের চার তলায় নিয়ে বসায়, চা-বিস্কুট খাওয়ায়। কিছুক্ষণ পর তাঁদের ২১ আগস্ট মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর রশিদ তিন তলায় মামলার তদন্ত-তদারক কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার রুহুল আমিনের কক্ষে নিয়ে যান।
জোবেদা বলেন, ‘সেখানে আবদুর রশিদসহ অন্যরা বলেন, “আপনার ছেলের বিষয়ে কোনো চিন্তা করবেন না। জজ মিয়া সাক্ষ্য দেওয়ার পরে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। যত দিন সাক্ষ্য শেষ না হচ্ছে, তত দিন আপনার সংসার চালাতে প্রতি মাসে দুই হাজার টাকা করে দেওয়া হবে। নোয়াখালীর সেনবাগ থানার ওসিকে বলে দিচ্ছি, সে আপনার টাকা পৌঁছে দিবে।”’ এরপর ছয় মাসে সিআইডি থেকে মোট সাড়ে ১২ হাজার টাকা পান জজ মিয়ার মা। শেষ মাসে ৫০০ টাকা বেশি অর্থাৎ আড়াই হাজার পেয়েছিলেন। তিনি বলেন, ‘কীভাবে আমাদের সংসার খরচ চলছে, সাংবাদিকেরা জানতে চাইলে আমার মেয়ে খোরশেদা সিআইডির কাছ থেকে টাকা নেওয়ার কথা বলে দেয়। এরপর সিআইডি টাকা দেওয়া বন্ধ করে দেয়। ওই সময় সিআইডির এক কর্মকর্তা বলেন, “টাকা নেওয়ার কথা সাংবাদিকদের বলে তোমরা তোমাদের রিজিক হারিয়েছ। আর টাকা পাবা না।”’
জোবেদা খাতুন আদালতকে বলেন, সিআইডি টাকা দেওয়া বন্ধ করার পর ছেলেকে মামলা থেকে বাঁচাতে স্বামীর ভিটা বিক্রি করেন। এখানে-সেখানে ভাড়া থেকে জীবন কাটান। তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলার নতুন তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি ফজলুল কবীরকে সব ঘটনা খুলে বলেন তিনি। এরপর জজ মিয়া মামলা থেকে অব্যাহতি পান।
সাক্ষ্য শেষে জোবেদা আদালতে আসামির কাঠগড়ায় থাকা সিআইডির সাবেক দুই কর্মকর্তা রুহুল আমিন ও আবদুর রশিদকে শনাক্ত করেন।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে ২২ জন নিহত ও শেখ হাসিনাসহ কয়েক শ নেতা-কর্মী আহত হন। এ ঘটনার তদন্ত ভিন্ন খাতে নিতে সিআইডি পরের বছরের জুনে নোয়াখালীতে জজ মিয়াকে আটক করে এবং এই মামলায় সাজানো জবানবন্দি আদায় করে। তাতে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের নির্দেশে জজ মিয়াসহ কয়েকজন দুর্বৃত্ত গ্রেনেড হামলা চালিয়েছিল।
এরপর ২০০৬ সালের ২১ আগস্ট প্রথম আলোতে জজ মিয়ার পরিবারের ভরণপোষণের জন্য সিআইডির টাকা দেওয়ার খবর প্রকাশিত হয়। এরপর সিআইডি টাকা দেওয়া বন্ধ করে দেয়। তারও আগে জজ মিয়াকে নিয়ে ‘আষাঢ়ে গল্পের’ কার্টুনসহ খবর প্রকাশ করে প্রথম আলো।
পরে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে এ মামলার নতুন করে তদন্ত হয়। তাতে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদসহ বিএনপি সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর এ ঘটনায় জড়িত থাকার কথা বেরিয়ে আসে। ২০০৮ সালে পিন্টু, তাঁর ভাই মাওলানা তাজউদ্দিন এবং হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ ২২ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এরপর ২০০৯ সালে মুক্তি পান জজ মিয়া। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মামলাটির অধিকতর তদন্ত করে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ আরও ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয়।