দুর্গত ৫ জেলায় ৫১ লাখ টাকা ও এক হাজার ৯৫০ মে. টন চাল বরাদ্দ
মাসের মাঝামাঝিতে উত্তর ও মধ্যাঞ্চলে আবারও বন্যা!
চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলে আবারও বন্যা হতে পারে। জুলাই মাসে উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চলতি মাসের পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।এদিকে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বন্যা-পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও উত্তরাঞ্চলের বিভিন্ন নদীতে পানি বাড়ছে। ফলে ওই অঞ্চলে বন্যা-পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু বেশ শক্তিশালী ও সারা দেশে শক্তিশালীভাবে অবস্থান করছে। এ মাসে বঙ্গোপসাগরে দু-একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।গত জুন মাসের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে আবহাওয়া বিভাগ বলছে, গত মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৪ শতাংশ বৃষ্টিপাত হয়েছে।ত্রাণ বিতরণ: খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বন্যাদুর্গত পাঁচ জেলায় দুর্গতদের জন্য গতকাল মঙ্গলবার পর্যন্ত ৫১ লাখ টাকা ও এক হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুর জেলায় এ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়াও ১৬ হাজার ৮৯০টি তারপলিন এবং ১৪ হাজার ৯৭টি প্লাস্টিক সিট সরবরাহ করা হয়েছে।মন্ত্রণালয় জানায়, বন্যাকবলিত জেলাগুলোতে স্বাস্থ্যসেবা দিতে ৭১৭টি চিকিৎসা দল গঠন করা হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় ৮৫টি, জামালপুরে ১০টি, গাইবান্ধায় ৩৮টি, বগুড়ায় তিনটি, চট্টগ্রামে ২৮৩টি, কক্সবাজারে ১১৩টি, বান্দরবানে দুটি, সিলেটে ১৫৭টি এবং সুনামগঞ্জে ২৬টি। চিকিৎসা দল দুর্গতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও ওষুধপত্র দিচ্ছে।এদিকে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় ত্রাণ-সহায়তা হিসেবে আতপ চাল সরবরাহ করা হচ্ছে। এসব জেলা ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকা চিহ্নিত করতে স্যাটেলাইটের মাধ্যমে ছবি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।