মাসের শুরুতেই বাজারে মুরগির দাম হঠাৎ বেড়েছে। তবে দাম বাড়ার কোনো যৌক্তিকতা দেখাতে পারেননি ব্যবসায়ীরা। কয়েক দিনের ব্যবধানে বাজারে মুরগির চাহিদা বেড়ে যাওয়া অথবা সরবরাহের সংকট তৈরির মতো কোনো পরিস্থিতি চোখে পড়েনি।তবে বেশির ভাগ ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, নতুন মাসকে উপলক্ষ করেই মুরগির দাম বাড়ানো হয়েছে। কারণ, হাতে বেতনের টাকা এলে অনেকেই মাসের বাজার হিসেবে একসঙ্গে কয়েকটি মুরগি কেনেন। গতকাল শনিবার নগরের রিয়াজউদ্দিন বাজারে ছোট ও বড় ব্রয়লার মুুরগি বিক্রি হয়েছে ১৪৫-১৫৫ টাকা কেজি দরে। অথচ গত সপ্তাহে একই মুরগির দাম ছিল ১৪০ টাকা কেজি। চৌমুহনী কর্ণফুলী বাজার এবং কাজীর দেউড়ি বাজারে মুরগির দাম হাঁকা হয় ১৫০-১৬০ টাকা কেজি দরে। গতকালের বাজারে দেশি মুরগির কেজি ছিল ৩০০-৩৫০ টাকা।বাজারে পেঁয়াজ ও রসুনের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। তবে কমেছে আদার দাম। আদা বিক্রি হয়েছে ৫৫-৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে আদা বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকায়। এ ছাড়া পেঁয়াজ ২৪-২৫ এবং রসুন ৭৮-৮০ টাকা কেজি দরে বিক্রি হয়। গতকাল সবজির দাম কিছুটা চওড়া ছিল। প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে তিন-চার টাকা করে বেড়েছে। রিয়াজউদ্দিন বাজারে টমেটো বিক্রি হয় ২০-২৪, পটোল ২৬-২৮, করলা ৩৬-৪০, কাঁকরোল ৩৬-৪০, ঢ্যাঁড়স ৩০-৩২, পেঁপে ২৮-৩০, চালকুমড়া ১৫-২০ টাকা কেজিতে বিক্রি হয়। এ ছাড়া কাঁচামরিচ বিক্রি হয়েছে ২০-২৫ টাকা এবং ধনেপাতার কেজি ছিল ৮০-১০০ টাকা।