মাসোহারা দিয়ে চলছে ৩৩৮টি ত্রুটিপূর্ণ যান
পুলিশ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) মাসোহারা দিয়ে গাইবান্ধার বিভিন্ন সড়কে ৩৩৮টি ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে অধিকাংশই বাস। এসব যানবাহনের ইঞ্জিন থেকে বিকট শব্দ ও কালো ধোঁয়া নির্গত হয়। গাইবান্ধা জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরুজ হক বলেন, নবায়ন ফি, মূল্য সংযোজন কর ও আয়কর বাবদ প্রায় ২০ হাজার টাকা পরিশোধ করে প্রতিবছর বিআরটিএর কাছ থেকে ত্রুটিমুক্ত সনদ (ফিটনেস সার্টিফিকেট) নিতে হয়। কিন্তু কতিপয় পরিবহন-মালিক পুলিশ ও বিআরটিএ কর্তৃপক্ষকে এক হাজার থেকে তিন হাজার টাকা মাসোহারা দিয়ে ঝুঁকি নিয়ে ত্রুটিপূর্ণ যানবাহন চালাচ্ছেন। জেলা মোটর মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘কোনো পরিবহন-মালিক মাসোহারা দেন কি না, আমার জানা নেই। তবে ত্রুটিপূর্ণ যানবাহন চালানোর অভিযোগ সঠিক। এসব দেখার দায়িত্ব পুলিশ প্রশাসন ও বিআরটিএ কর্তৃপক্ষের। তার পরও আমরা ত্রুটিমুক্ত করে যানবাহন চালানোর জন্য সমিতির সভায় পরিবহন-মালিকদের উদ্বুদ্ধ করে থাকি।’ বিআরটিএ গাইবান্ধা কার্যালয় সূত্র জানায়, জেলার সাতটি উপজেলায় বাস, ট্রাক, পিকআপ ভ্যানসহ ৪২৭টি ভারী যানবাহনের নিবন্ধন রয়েছে। এর মধ্যে মাত্র ৮৯টির ত্রুটিমুক্ত সনদ আছে। নিবন্ধিত অন্য ৩৩৮টি যানবাহনের মালিক এই সনদ নিচ্ছেন না। অথচ প্রতিবছর আয়কর ও মূল্য সংযোজন কর পরিশোধ করে যানবাহন ত্রুটিমুক্ত আছে কি না, সে ব্যাপারে বিআরটিএর কাছ থেকে সনদ নেওয়ার নিয়ম। গাইবান্ধা পরিবেশ আন্দোলন কমিটির আহ্বায়ক ওয়াজিউর রহমান অভিযোগ করেন, শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে উপজেলা শহর ও পাশের জেলাগুলোতে যেসব বাস চলাচল করে, সেগুলোর বেশির ভাগ ত্রুটিপূর্ণ। এসব বাস থেকে চলন্ত অবস্থায় বিকট শব্দ ও কালো ধোঁয়া নির্গত হয়। কোনো কোনো বাসের ছাদ ও পাটাতন ফুটো হয়ে আছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। আসনের ফোম ছিঁড়ে গেছে এবং কভার ময়লাযুক্ত। সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ভ্রমণের সময় সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিবহন-মালিক অভিযোগ করেন, অনেক পরিবহন-মালিক ১৫-২০ বছর ধরে ত্রুটিমুক্ত যানবাহন হিসেবে সনদ নেন না। তাঁরা সরকারি ফি ও কর ফাঁকি দিতে বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে পুরোনো বাসে নতুন নম্বরপ্লেট লাগিয়ে চালাচ্ছেন। কিন্তু দেখার কেউ নেই।গাইবান্ধা বিআরটিএর মোটরযান পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘লোকবল-সংকটের কারণে পুলিশের সহযোগিতার ওপর নির্ভর করতে হয়। কিন্তু অভিযান চালানোর ক্ষেত্রে তাদের কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। মাসোহারা নেওয়া ও কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে পুরোনো বাসে নতুন নম্বরপ্লেট লাগানোর অভিযোগ ভিত্তিহীন।’ গাইবান্ধা বিআরটিএর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) জিয়াউর রহমান বলেন, ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। গাইবান্ধা ট্রাফিক বিভাগের পরিদর্শক ওয়াজ নবী মাসোহারা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ত্রুটিমুক্ত সনদ দেওয়ার দায়িত্ব বিআরটিএর। কিন্তু কোন কোন পরিবহনের ত্রুটিমুক্ত সনদ নেই, সেই তালিকা বিআরটিএ কর্তৃপক্ষ পুলিশকে দেয় না। ফলে সুনির্দিষ্ট তালিকার অভাবে অভিযান চালানো যাচ্ছে না। এ ছাড়া ব্যাপক হারে অভিযান চালালে পরিবহন-শ্রমিকেরা ধর্মঘট করেন।