মাসোহারা নেওয়ার অভিযোগ র্যাব ও পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযান চালাতে যাওয়ার আগেই খবর পৌঁছে যায় আখড়ায়। আর গেলেও কখনো কখনো মার খেয়ে ফিরতে হয় পুলিশকে। মাদক বিক্রির স্পটকে ঘিরে দিনরাত পালাক্রমে ৮০ জন লোক পাহারা দেয়। ফলে ক্রেতা ছাড়া অন্য কেউ সহজে ঢুকতে পারেন না।
অভিযোগ রয়েছে, মাসোহারা নিয়ে গরমিল হলেই অভিযান চালায় পুলিশ। র‌্যাব-পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমঝোতা করে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ লাখ টাকার মাদক বিক্রি চলে। চট্টগ্রাম নগরের মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনির চিত্র এটি।
কয়েক দিন আগে ছয় বছর ওই এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছোট ফারুক নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বরিশাল কলোনিতে মাদক বিক্রিতে র‌্যাব-পুলিশ কত টাকা মাসোহারা নেন, পুলিশ ঢুকতে পারে না কেন—এসব নানা চাঞ্চল্যকর তথ্য দেন।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘অভিযান চালাতে গেলে তারা আমাদের কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা করে। গ্রেপ্তার ফারুকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাঠে নেমেছে পুলিশ। ’
গোয়েন্দাসহ পুলিশ প্রতি মাসে মাসোহারা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি শুনেছি। কারা নেয় তা বের করছি।’
সরেজমিনে গত মঙ্গলবার দুপুরে নগরের রেলস্টেশনের পাশ দিয়ে বরিশাল কলোনিতে ঢুকতেই রেললাইনে বসে আছেন মনির, পারুল ও জেরিনের মা (নানি)। কয়েক শ গজ দূরে একটি পরিত্যক্ত ছাদবিহীন ভবনের ভেতর থেকে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনের পুরিয়া বিক্রি করছেন চার-পাঁচজন। আর ক্রেতারা এসে একে একে তা নিয়ে যাচ্ছেন। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বোতল ফেনসিডিল ৮৫০ টাকা, প্রতিটি ইয়াবা আর সেভেন ৩০০ টাকা এবং চম্পা ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
গত ১ জানুয়ারি নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা চালিয়ে আটক মাদকবিক্রেতাকে কেড়ে নিতে চেষ্টা চালান ফারুকের সহযোগীরা। পরে পুলিশ পাঁচটি কিরিচ ও ৩০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন সুজন (২১), শাহিন (২৮) ও হেলাল (৩৯)।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, বরিশাল কলোনিতে ফেনসিডিল বিক্রি চলছে, খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সুজনকে ফেনসিডিলের ব্যাগ ও ব্যাগের ভেতর একটি চাকুসহ আটক করে। এ সময় তাঁর সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে আশপাশের জঙ্গল এবং তাঁদের তৈরিকৃত জঙ্গলের ভেতরে গর্ত থেকে হাতে কিরিচ নিয়ে আসেন। তাঁরা পুলিশের ওপর হামলার চেষ্টা চালিয়ে আটক সুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় শাহিন ও হেলালকে কিরিচসহ আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তাঁরা দীর্ঘদিন ফেনসিডিলসহ মাদক বিক্রি করে আসছেন। পুলিশ কিংবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকদের অভিযান প্রতিহত করার জন্য তাঁরা এসব দেশীয় অস্ত্র ব্যবহার করেন। তাঁরা ফারুক ও ইউসুফের সিন্ডিকেট হয়ে বরিশাল কলোনিতে মাদক বিক্রি করেন। ধৃত সুজন ইউসুফের আপন ছোট ভাই। এর আগেও বরিশাল কলোনিতে অভিযান করতে গেলে তাঁরা এসব অস্ত্র ব্যবহার করে পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজনদের আহত করেছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।
ছয় বছর ফারুকের বিশ্বস্ত সহযোগী হয়ে মাদক বিক্রি করে আসছেন ছোট ফারুক। গত সোমবার একটি হত্যা মামলায় পুলিশের হাতে আটক হন তিনি। নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ছোট ফারুক বরিশাল কলোনিতে মাদকের আখড়া সম্পর্কে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দেন। ফারুক পুলিশের কাছে স্বীকার করেন, দৈনিক ১০ থেকে ১২ লাখ টাকার মাদক বিক্রি হয় বরিশাল কলোনিতে। ডিবি পুলিশকে মাসে ২০ হাজার, র‌্যাবকে ৫০ হাজার, হারুনসহ কয়েকজন এসআইকে প্রতি মাসে টাকা দেওয়া হয়। র‌্যাবের সোর্স বেলালই টাকাগুলো নিয়ে যান। এ ছাড়া কোনো পুলিশ কর্মকর্তা অভিযানের ভয় দেখালেই তাঁকে টাকা দেওয়া হয়। কয়েকজন সাংবাদিকও রয়েছেন টাকা নেওয়ার তালিকায়। ছোট ফারুক পুলিশকে আরও বলেন, ‘১০ বছর বয়স থেকে ফারুকের সঙ্গে এ কাজে জড়িয়ে পড়ি। প্রথমে কুমিল্লা থেকে ফেনসিডিল ও গাঁজা আনতাম ট্রেনে করে। রেলের পুলিশ ও কর্মচারীদের সঙ্গে চুক্তি মোতাবেক তাঁরা মালগুলো নামিয়ে দিতেন। পরে খুচরা ও পাইকারি হারে বিক্রি হয়। পুরো শহরে বরিশাল কলোনি থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদক সরবরাহ করা হয়।’
র‌্যাব-৭ চট্টগ্রামের পরিচালক লে. কর্নেল মিসফাহ উদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার বলেন, বেলাল নামে র‌্যাবের কোনো সোর্স নেই। র‌্যাব টাকা নেওয়ার প্রশ্নই আসে না। র‌্যাব বরিশাল কলোনিতে একাধিকবার অভিযান চালিয়ে ফারুককে ধরার চেষ্টা করেছে।
মাদক আনা-নেওয়ায় বিশ্বস্ততা অর্জন করায় ফারুককে মাদক বিক্রির ইনচার্জ করা হয়। দৈনিক বেতন দুই হাজার টাকা। ক্রেতারাও খুশি হয়ে অনেক সময় বকশিশ দিত তাঁকে। পাহারাদারদের দৈনিক বেতন হলো ১০০ থেকে ২০০ টাকা। তাঁরাই কেউ কারও আসার খবর আগেভাগে জানিয়ে দেন।
পুলিশ সূত্র জানায়, নগর রেলওয়ে থানার ক্যাশিয়ার মুসলিম ও সুনীল বরিশাল কলোনিতে মাদক বিক্রির সবকিছু দেখভাল করে থাকেন। ফারুকের গ্রুপে রয়েছে নয়ন, ইউসুফ, সালেহ আহমেদ, রুহুল আমিন, রানা ও সাদ্দাম। ফারুকের সহযোগী মনির বেশ কিছুদিন তাঁর নিয়ন্ত্রণে রেখেছিলেন বরিশাল কলোনি। পরে ফারুক তাঁর নিয়ন্ত্রণে নিয়ে নেন।