মাসোহারা নেয় পুলিশ রাজনীতিবিদ ও সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ডবলমুরিং থানার পুলিশ অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে গত সোমবার রাতে কদমতলী এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ নয়ন (২৮)।নয়ন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, তাঁদের ৭০ জন কর্মী প্রতিদিন নগরের বিভিন্ন স্থানে ফেনসিডিল সরবরাহ করেন। পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী এবং কয়েকজন সাংবাদিককে নিয়মিত মাসোহারা দিয়ে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে মাদক ব্যবসা করছেন।গতকাল মঙ্গলবার ডবলমুরিং থানায় প্রথম আলোর কাছে নয়ন দাবি করেন, বিএনপির প্রয়াত একজন নেতার প্রত্যক্ষ আশ্রয়-প্রশ্রয়ে তিনি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন এ ব্যবসা করেন। ওই নেতাকে প্রতি সপ্তাহে মোটা অংকের টাকা দিতে হতো। এ ছাড়া বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজনকে প্রতিদিন টাকা দেওয়া লাগত। তাঁদের কেউ গ্রেপ্তার হলে একজন নেতার সহকারী তাঁদের থানা থেকে ছাড়িয়ে আনেন।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নয়ন কদমতলী এলাকার মাদক ব্যবসায়ীদের মধ্যে তিন নম্বর শীর্ষস্থানীয় ব্যক্তি।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন বলেন, রাজনীতিবিদের পাশাপাশি তিনজন স্থানীয় সাংবাদিক ও একজন আলোকচিত্রীকে নিয়মিত টাকা দিতে হয়। নয়ন নিজেই সাংবাদিক ও রাজনীতিবিদদের টাকা দিতেন। আর পুলিশকে টাকা দেন বাহার ওরফে হোন্ডা বাহার।পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামে ফেনসিডিলের সবচেয়ে বড় আখড়া কদমতলী। এখানে ফেনসিডিলের বড় ব্যবসায়ী হচ্ছেন মোহাম্মদ ইউসুফ। ২০ দিন আগে গ্রেপ্তার হয়ে তিনি এখন কারাগারে।চট্টগ্রামে কীভাবে ফেনসিডিল আসে, তার বর্ণনা দিতে গিয়ে নয়ন বলেন, নিরাপত্তারক্ষীদের সহায়তায় ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রামে ফেনসিডিল আসে। ফেনী ও কুমিল্লা থেকে কয়েকজন নারী শরীরে বেঁধে নিয়মিত ফেনসিডিল আনেন। ভোরে এসব ফেনসিডিল কদমতলীর শুভপুর বাসস্ট্যান্ডে জড়ো করা হয়।