সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজ দুর্ঘটনার জন্য মাস্টার ও চালকের দায়িত্বহীনতা ও অবহেলাকে দায়ী করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
গত ৯ ডিসেম্বর শ্যালা নদীতে নোঙর করা তেলবাহী জাহাজ ওটি সাউদার্ন স্টার-৭ ডুবে গিয়ে সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ে। সাউদার্ন স্টার-৭কে ধাক্কা দেয় আরেকটি নৌযান এমটি টোটাল।
ওই দুর্ঘটনার পর নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত কমিটি গতকাল রোববার তদন্ত প্রতিবেদন জমা দেয়। এ ছাড়া গত মাসে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী নৌযান এমভি মোস্তফা ডুবে যাওয়ার ঘটনায়ও তদন্ত প্রতিবেদন দিয়েছে কমিটি। এই দুর্ঘটনায় ৮০ জন মানুষের মৃত্যু হয়।
এই দুই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও সচিব শফিক আলম মেহেদীর কাছে জমা দেওয়া হয়েছে। দুটি তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (টাস্কফোর্স) নূর-উর-রহমান। কমিটির প্রধান প্রতিবেদন দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, মূলত দুটি দুর্ঘটনাই ঘটে মাস্টার ও চালকের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে। সুন্দরবনে নোঙর করা তেলবাহী জাহাজ দুর্ঘটনায় এমটি টোটালের মাস্টারকে সাতটি বিষয়ে দায়ী করা হয়। এই দুর্ঘটনায় সাউদার্ন স্টার-৭-এর মাস্টার মারা যান। কমিটি বলেছে, দুটি বিষয়ে তাঁরও দায় ছিল। এই দুর্ঘটনার বিষয়ে কমিটি মোট ২৩টি সুপারিশ করেছে। এর মধ্যে অন্যতম হলো ট্যাংকলরি জাহাজের জন্য আলাদা নীতিমালা করা। এ ছাড়া কমিটি মংলার ঘসিয়াখালি চ্যানেল চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য শুধু দিনের বেলায় শ্যালা নদী দিয়ে জাহাজ চলাচল করা যেতে পারে বলে সুপারিশ করেছে।
গত ২২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী নৌযান এমভি মোস্তফার সঙ্গে সারবোঝাই অপর মালবাহী নৌযান এম নার্গিস-১-এর সংঘর্ষ হয়।
এই দুর্ঘটনার বিষয়ে কমিটি বলেছে, দুই নৌযানের মাস্টারের যেসব সংকেত ব্যবহার করার কথা ছিল তা করেননি। এই দুর্ঘটনার বিষয়ে কমিটি আইনি, নৌনিরাপত্তাসহ মোট ২৪টি সুপারিশ করেছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এখন মন্ত্রণালয় কমিটির সুপারিশগুলো যাচাই-বাছাই করে দেখবে। পরে প্রতিবেদনের সুপারিশ নৌপরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও গণমাধ্যমে প্রকাশ করা হবে।