মাস্টার ও সুকানির অদক্ষতাতেই পদ্মা সেতুর পিলারে ধাক্কা: বিআইডব্লিউটিসি
পদ্মা সেতুর পিলারে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার কারণ হিসেবে ইনল্যান্ড মাস্টার অফিসার ও হুইল সুকানির অদক্ষতাকে দায়ী করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
আজ মঙ্গলবার সংস্থার এক আদেশে ইনল্যান্ড মাস্টার অফিসার দেলোয়ারুল ইসলাম ও হুইল সুকানি আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা করা হয়। তাঁদের নামে বিভাগীয় মামলা হবে।
ওই আদেশে বলা হয়েছে, ‘ভারপ্রাপ্ত মাস্টার অফিসার ও হুইল সুকানি দক্ষতার সঙ্গে ফেরিটি পরিচালনা করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। দায়িত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে তাঁদের ফেরিটি সাবধানতার সঙ্গে পরিচালনা করা উচিত ছিল। পদ্মা সেতুর নিচে এ ধরনের দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁদের এ রকম কার্যকলাপ অদক্ষতার পরিচয় বহন করে।’
এ ঘটনার কারণ খতিয়ে দেখতে বিআইডব্লিউটিসির কারিগরি বিভাগের পরিচালক মো. রাশেদুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ সরেজমিন প্রতিবেদন সংস্থার চেয়ারম্যানের কাছে জমা দিতে বলা হয়েছে।