মাস্টার ছাড়াই চলছে হিলি রেলস্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টারসহ প্রয়োজনীয় জনবলের অভাবে দিনাজপুরের হিলি রেলস্টেশনের কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
স্টেশন সূত্রে জানা যায়, হিলি স্টেশনটি ‘বি’ শ্রেণির। এ ধরনের স্টেশনে তিনজন মাস্টার, পাঁচজন পয়েন্টম্যান, তিনজন বুকিং সহকারী ও দুজন পোর্টার থাকার কথা। কিন্তু এই স্টেশনে আছে মাত্র তিনজন পয়েন্টম্যান। প্রতিদিন রাজশাহীগামী আন্তনগর ররেন্দ্র এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও খুলনাগামী রকেট মেইল এই স্টেশনে যাত্রাবিরতি করে। এ ছাড়া এ পথ দিয়ে প্রতিদিন আরও ছয় জোড়া ট্রেন যাওয়া-আসা করে।
হিলি থেকে বিরামপুরে সদ্য বদলি হওয়া স্টেশন মাস্টার এমদাদুল ইসলাম প্রথম আলোকে জানান, গত পাঁচ বছর থেকে তিনি সেখানে একাই দায়িত্ব পালন করতেন। গত ২৮ জুন তাঁকে বিরামপুরে বদলি করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, ফাঁকা পড়ে রয়েছে স্টেশনটি। স্টেশনের পয়েন্টম্যান মীর আলম প্রথম আলোকে জানান, নিয়ম অনুযায়ী দিনে তিনজন ও রাতে দুজন পয়েন্টম্যান থাকার কথা। কিন্তু গত পাঁচ বছর আগে তিনি যোগদান করার পর থেকে তিনজন পয়েন্টম্যান দেখছেন। স্টেশন মাস্টার না থাকায় বিরামপুর ও পাঁচবিবিতে যোগাযোগের মাধ্যমে ট্রেন চলাচল করছে। ফলে ওই তিনটি ট্রেন প্ল্যাটফর্মে না থামিয়ে মাঝের লাইনে থামছে। রেল ক্রসিংয়ে প্রচুর সময় ব্যয় হচ্ছে। এতে যাত্রীদের ওঠানামায় এবং পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আগে প্রতিদিন যেখানে ১০ থেকে ১২ হাজার টাকার টিকিট বিক্রি হতো। সেখানে এখন পাঁচ থেকে ছয় হাজার টাকার টিকিট বিক্রি হচ্ছে।
হিলি সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা বলেন, রেল হচ্ছে নিরাপদ যাতায়াতের বাহন। নিরাপদে যাতায়াতের জন্য মানুষ সবার আগে রেলকে বেছে নেয়। রেল কর্তৃপক্ষ ঠিক ঈদের আগে স্টেশন মাস্টার প্রত্যাহার করে নিয়ে হিলির যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।
জানতে চাইলে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন উর রশীদ জানান, যেখানে বন্দরের আমদানি-রপ্তানি কাজের গতি আনার জন্য রেলের বহুমুখী ব্যবহারের কথা ছিল, সেখানে ধীরে ধীরে স্টেশনটিই অকার্যকর করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
জানতে চাইলে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী বিভাগ) শওকত জামিল মুঠোফোনে প্রথম আলোকে জানান, পাকশী বিভাগের অধীনে স্টেশন রয়েছে ১১৪টি। এর মধ্যে বন্ধ রয়েছে ৬০টি। বাকি স্টেশনগুলোর জন্য মাস্টার প্রয়োজন ৩৬৩ জন। কর্মরত আছেন ১৩৮ জন। তাই কম গুরুত্বপূর্ণ স্টেশন থেকে মাস্টার প্রত্যাহার করে বেশি গুরুত্বপূর্ণ স্টেশনে সমন্বয় করা হয়েছে।