মাস্টার প্ল্যান ছাড়া নগরের উন্নয়ন সম্ভব নয়
মাস্টার প্ল্যান ছাড়া কোনো নগরের উন্নয়ন সম্ভব নয়। মাস্টার প্ল্যানকে পাশ কাটিয়ে নগর উন্নয়নের যেসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সেগুলো আজ ব্যর্থ প্রমাণিত হচ্ছে। অসুস্থ রাজনীতির কারণেই এ ধরনের অব্যবস্থাপনার প্রসার ঘটছে দিনের পর দিন।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম আয়োজিত মুক্ত সংলাপ ও সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেলে ‘চট্টগ্রাম নগরের সড়ক যোগাযোগ ও যানবাহন ব্যবস্থাপনার সমস্যা ও সমাধান’ শীর্ষক এ আলোচনার আয়োজন করা হয় নগরের শিল্পকলা একাডেমির গ্যালারিতে।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের প্রথম সভাপতি বরেণ্য বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয় এ অনুষ্ঠান।
ফোরামের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সহসভাপতি প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া। মুক্ত সংলাপে অংশ নেন অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, স্থপতি জেরিন হোসাইন, সাংবাদিক ও কলামিস্ট মুহাম্মদ জাহাঙ্গীর, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহমুদুল হক শাহ, প্রকৌশলী আলী আশরাফ, ডা. এ টি এম অহিদুল আলম, অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফোরামের সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার।
মুক্ত সংলাপে বক্তারা নগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সিটি করপোরেশনের সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নগর সরকারব্যবস্থা চালুর প্রস্তাব দেন।
মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সহসভাপতি প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া। তিনি বলেন, চট্টগ্রাম মহানগরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য ১৯৬১, ১৯৬৫ এবং ১৯৯৫ সালে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছিল। মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার জন্য একটি শক্তিশালী পরিকল্পনা কর্তৃপক্ষের প্রয়োজন তা চউকে ছিল না এবং এখনো নেই। বর্তমানে নগরে যেসব ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে এবং ভবিষ্যতে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করছে তা মাস্টার প্ল্যানে সুপারিশ করা হয়নি।
মূল প্রবন্ধে চউককে আইনগতভাকে একটি শক্তিশালী পরিকল্পনা কর্তৃপক্ষে পরিণত করার ওপর জোর দেওয়া হয়।
দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে অধ্যাপক জামাল নজরুল ইসলামের স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অধ্যাপক শফিক হায়দার চৌধুরী, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের উপদেষ্টা ও জামাল নজরুল ইসলামের স্ত্রী অধ্যাপক সুরাইয়া ইসলাম, মেয়ে সাদাফ সাজ সিদ্দিকী প্রমুখ।