মাস্টারের অভাবে পাঁচ স্টেশন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের আখাউড়া-সিলেট রেলপথে মাস্টারের অভাবে পাঁচটি স্টেশন বন্ধ রয়েছে। আংশিকভাবে বন্ধ আছে আরও চারটি স্টেশন। বন্ধ স্টেশনগুলোতে যাত্রীরা ওঠানামা করেছেন বিনা টিকিটে। এ ছাড়া স্টেশনগুলোতে বহু টাকা ব্যয়ে স্থাপিত কম্পিউটারাইজড সিগন্যাল ব্যবস্থাপনা যন্ত্রপাতি বেহাল অবস্থায় পড়ে আছে।রেলওয়ে সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে টিলাগাঁও স্টেশন বন্ধ রয়েছে। স্টেশনমাস্টারের অভাবে পূর্বাঞ্চলীয় এই রেলপথে গত এক বছরে বন্ধ হয়ে গেছে টিলাগাঁও, লস্করপুর, ইটাখোলা, ভাটেরা ও মনু রেলওয়ে স্টেশন। এ ছাড়া ভোর থেকে দুপুর দুইটা পর্যন্ত আংশিকভাবে খোলা থাকলেও রাতে বন্ধ থাকে লংলা, সাতগাঁও, শাহজীবাজার ও বরমচাল স্টেশন। সম্প্রতি মেইল ট্রেনে ভ্রমণ করে দেখা যায়, বন্ধ স্টেশনগুলোতে যাত্রীরা বিনা টিকিটে ওঠানামা করেন। এ সুযোগে দায়িত্বরত টিকিট পরিদর্শকেরা নগদ আর্থিক সুবিধা গ্রহণ করছেন।শমশেরনগর স্টেশনমাস্টার মোহাম্মদ শাহজাহান খান ও শায়েস্তাগঞ্জ স্টেশনমাস্টার কাজী শহিদুর রহমান বলেন, রেলওয়েতে ৪৫০ জন স্টেশনমাস্টারের পদ খালি রয়েছে। স্টেশনমাস্টার না থাকায় এসব স্টেশন বন্ধ আছে।এ প্রসঙ্গে রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্টেশনমাস্টারের অভাবই এর মূল কারণ। দেশের অন্যান্য রেলপথেও কিছু স্টেশন বন্ধ রয়েছে। এসব স্টেশন আবারও চালু করতে রেলওয়ে কর্তৃপক্ষ শূন্যপদে দ্রুত নিয়োগ দেবে।