দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা গতকাল রোববার সকালে ক্যাম্পাসে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। পরে ওই অনুষদের ডিন ও সাবেক উপাচার্য মো. রুহুল আমিনের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বিকেল পাঁচটার দিকে কর্মসূচি প্রত্যাহার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের এগ্রো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং অনুষদের ১৮০ জন শিক্ষার্থী সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে অনশন কর্মসূচি শুরু করেন।পরে বিকেল পাঁচটার দিকে ওই অনুষদের ডিন মো. রুহুল আমিন শিক্ষার্থীদের জানান, জুন মাসে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে তাঁদের দাবি উত্থাপন করা হবে। তিনি প্রতিশ্রুতি দেন, আগামী সেপ্টেম্বর কিংবা ২০১১ সালের মার্চ মাস থেকে অবশ্যই এই অনুষদের মাস্টার্স কোর্স চালু করা হবে। তাঁর এই প্রতিশ্রুতিতে শিক্ষার্থীরা মূল ফটকের তালা খুলে দেন ও তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেন।অনশনে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে বিষয়টির সুরাহা না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে।