ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিভাগে মাস্টার্স কোর্স চালুর দাবিতে গতকাল শনিবার খুলনার আযম খান সরকারি কমার্স কলেজে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা।এ সময় শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে দুই ঘণ্টা অবরোধ করে রাখেন এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পরে বেলা একটার দিকে অধ্যক্ষ তাঁদের দাবির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, খুলনা বিভাগের অন্য কোথাও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিভাগে মাস্টার্স কোর্স চালু নেই। মাস্টার্স পড়তে হলে তাঁদের বাধ্যতামূলকভাবে ঢাকায় যেতে হয়। কিন্তু ঢাকায় গিয়ে পড়াশোনা করার সামর্থ্য অনেকেরই নেই। এ কারণে ওই দুটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর দাবিতে গত এক বছর ধরে তাঁরা আন্দোলন করে আসছেন।শিক্ষার্থীরা আরও জানান, মাস্টার্স চালুর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের খামখেয়ালির কারণে মাস্টার্স চালু হচ্ছে না। এর মধ্যে ২৬ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স কোর্সে ভর্তির জন্য তারিখ ঘোষণা করে।সে অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ গতকাল সকাল ১০টায় মাস্টার্স ভর্তির নোটিশ দেয়। কিন্তু এ দুটি বিভাগে মাস্টার্স চালু না করে কলেজ কর্তৃপক্ষ ভর্তির তারিখ ঘোষণা করায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।বেলা ১১টার দিকে তাঁরা অধ্যক্ষসহ অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে তাঁরা কলেজের আসবাব ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। পরে বেলা একটার দিকে কলেজের অধ্যক্ষ মাস্টার্স চালুর ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিদল পাঠানোর আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ আবুল বাশার মোল্লা বলেন, মাস্টার্স চালুর জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হচ্ছে, চলতি বছর ওই দুই বিভাগে মাস্টার্স চালু করা সম্ভব নয়। কেন তারা এ কথা বলছে, তা বোধগোম্য নয়।