অনার্স (সম্মান) পরীক্ষা শেষ করার পরপরই মাস্টার্সের (স্নাতকোত্তর) ক্লাস শুরু করার দাবিতে আজ শনিবার অবস্থান ধর্মঘট পালন করেছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।
সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট শুরু করেন শিক্ষার্থীরা। তিন ঘণ্টা পর বেলা একটার দিকে কলেজের অধ্যক্ষ ইসমত আরা নার্গিসের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট তুলে নেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী জ্যোতি চৌহান জানান, চার বছরের স্নাতক শেষ করতে তাঁদের ছয় বছর সময় লেগেছে। এখন স্নাতক পরীক্ষার ফল প্রকাশ হওয়ার আগে মাস্টার্সের ক্লাস শুরু না হলে আরও অনেক সময় লেগে যাবে। এ কারণে তাঁরা অনার্স পরীক্ষার পরপরই মাস্টার্সের ক্লাস শুরুর দাবিতে ধর্মঘট পালন করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৫ মে থেকে মাস্টার্সের ক্লাস শুরু করার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতেই আজ অবস্থান ধর্মঘট কর্মসূচি তুলে নেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ ইসমত আরা নার্গিস জানান, ‘শিক্ষার্থীরা যে দাবি তুলেছে, সেটা যুক্তিসংগত। এই দাবি আরও আগে তোলা উচিত ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেব।’