শ্রেণীকক্ষে ক্লাস করাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্রদের পিটিয়েছেন দ্বিতীয় বর্ষের ছাত্ররা। এতে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।আহত ছাত্ররা হলেন—বিভাগের মাস্টার্সের ছাত্র সাজেদুল ইসলাম, সালাউদ্দিন সোহেল, মিরাজ ভূইয়া, শরিফুল ইসলাম ও মিলন। এঁদের মধ্যে সোহেলকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে তৃতীয় সেমিস্টারের ছাত্র আবদুর রাজ্জাককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই বর্ষের বিপ্লব, আনোয়ার, সিফাত, সোহান, মাসুদ ও রাজীবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এঁরা সবাই ছাত্রলীগের সূর্য সেন হল শাখার সাধারণ সম্পাদক জিয়াউল হকের অনুসারী বলে জানা গেছে।মাস্টার্সের ছাত্ররা জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় লেকচার থিয়েটারের চার নম্বর কক্ষে তাঁদের ৫১২ নম্বর কোর্সের নির্ধারিত পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে একই বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র শামীম, বিপ্লব, ইফাত, মাসুদ, আনোয়ার, লাবীব, সোহানসহ কয়েকজন ছাত্র ক্লাসে প্রবেশ করে তাঁদের ক্লাস আছে বলে জানান। এ সময় তাঁরা মাস্টার্সের ছাত্রদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তবে অন্যদের মধ্যস্থতায় ঘটনার নিষ্পত্তি হয়।পরবর্তী সময় ক্লাস শেষ হওয়ার পর তৃতীয় সেমিস্টারের ছাত্ররা সূর্য সেন হল থেকে রাজনৈতিক কর্মীদের নিয়ে এসে মাস্টার্সের ছাত্রদের ওপর চড়াও হন। এ সময় মাস্টার্সের পাঁচ ছাত্র আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় মাস্টার্সের ছাত্র সোহেল বাদী হয়ে তৃতীয় সেমিস্টারের ছাত্র আবদুর রাজ্জাককে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করেছেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র আবদুর রাজ্জাককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে এবং তাঁকে কেন বহিষ্কার করা হবে না, এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, এ ঘটনায় একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।