মাহজাবীনের জামিন, ওয়ালীউল্লাহর নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়ক আন্দোলনের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার একটি মামলায় গ্রেপ্তার নারী উদ্যোক্তা হাজারীবাগের কফিশপের মালিক ফারিয়া মাহজাবীন জামিন পেয়েছেন। তবে রমনা থানার মামলায় গ্রেপ্তার মো. ওয়ালীউল্লাহর জামিন হয়নি। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।

ফারিয়া মাহজাবীনের পক্ষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হকের আদালতে জামিনের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাকে জামিনে মুক্তির আদেশ দেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওয়ালীউল্লাহর পক্ষে জামিনের আবেদন করেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্যানেল আইনজীবী জাকির হোসেন। তিনি আদালতকে বলেন, এই মামলায় গ্রেপ্তার লুৎফুন্নাহার ওরফে লুমাসহ সবাই জামিনে আছেন। এই আসামির পরিবারের লোকও জানেন না তাঁর গ্রেপ্তার হওয়ার বিষয়টি। তার জামিনের আবেদন করা হয়েছে জাতীয় আইনগত প্রদান সংস্থার পক্ষ থেকে। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।

এ বিষয়ে আদালতের নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুর রহমান বলেন, ওয়ালীউল্লাহর বিরুদ্ধে থাকা মামলাটি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের। আসামির কাছ থেকে আলামত উদ্ধার থাকায় তাঁর জামিন হয়নি।
আদালত সূত্রে জানা যায়, নিরাপদ সড়ক আন্দোলন চলাকালে ফেসবুকে উসকানি ছড়ানোর অভিযোগে রমনা থানার মামলায় ৮ আগস্ট ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় গ্রেপ্তারের পর কোটা সংস্কার আন্দোলনের নেত্রী ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহার ওরফে লুমা সরকারসহ চারজন জামিনে আছেন।

আদালত সূত্র জানায়, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় গুজব ছড়ানোসহ নানা অভিযোগে গ্রেপ্তার হওয়া আলোকচিত্রী শহিদুল আলমও কারাগারে রয়েছেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর জামিনের আবেদন শুনানির দিন ধার্য আছে।
আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫২টি মামলায় ৯৯ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এঁদের মধ্যে ৫১ জন শিক্ষার্থী জামিন পেয়েছেন।