ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার আসামি মাহতাব উদ্দিন চৌধুরী (মিনার চৌধুরী) জামিন পেয়েছেন। তাঁর জামিন প্রশ্নে রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল অ্যাবসলিউট (রুল মঞ্জুর) করে রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও তৌহিদুল ইসলাম।
পরে মাসুদ হাসান চৌধুরী বলেন, মাহতাব এখন প্রিজন সেলে চিকিৎসাধীন। গত বছর হাইকোর্ট কেন তাঁর জামিন দেওয়া হবে না মর্মে রুল দেন। এ রুলের ওপর শুনানি শেষে গতকাল তা মঞ্জুর করে আদালত রায় দেন।
গত বছরের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে দিনদুপুরে গাড়ির ভেতরে গুলি করার পর গাড়িসুদ্ধ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের ভাই রেজাউল হক জসিম ওই দিনই জাতীয়তাবাদী তাঁতী দলের ফেনী জেলা শাখার আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০-৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।