ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর (মিনার চৌধুরী) জামিন আরও দুই সপ্তাহ স্থগিত রেখেছেন সর্বোচ্চ আদালত।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে আদালত বারডেম হাসপাতালে চিকিৎসাধীন মাহতাব চৌধুরীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাঁর স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করতে একটি মেডিকেল বোর্ড গঠন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আদালতে মাহতাব চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রেজ্জাক খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
১৬ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ মাহতাব চৌধুরীকে ছয় সপ্তাহের জামিন দেন। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ২০ মার্চ চেম্বার বিচারপতি জামিন স্থগিত করে শুনানির জন্য নিয়মিত আপিল বেঞ্চে পাঠিয়ে দেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে নিজের গাড়িতে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। ওই সময় তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ব্যাপারে একরামুল হকের বড় ভাই রেজাউল হক ওই দিনই ফেনীর বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরীসহ (মিনার চৌধুরী) অজ্ঞাতপরিচয় ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী থানায় মামলা করেন।