মাহতাব চৌধুরীর জামিন এক দিনের জন্য স্থগিত
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার আসামি মাহতাব উদ্দিন চৌধুরীর (মিনার চৌধুরী) জামিন এক দিনের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। কাল বুধবার এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।
গতকাল সোমবার তাঁর জামিন প্রশ্নে রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। এতে স্থগিতাদেশ চেয়ে আজ আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও নিতাই রায় চৌধুরী।
গত বছরের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে দিনদুপুরে গাড়ির ভেতরে গুলি করার পর গাড়িসুদ্ধ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির ভাই রেজাউল হক জসিম ওই দিনই জাতীয়তাবাদী তাঁতী দলের ফেনী জেলা শাখার আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।