
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার আসামি মাহতাব উদ্দিন চৌধুরীর (মিনার চৌধুরী) জামিন স্থগিত করার মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ ১ এপ্রিল পর্যন্ত তাঁর জামিন স্থগিত করেন।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।
মাসুদ হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, মাহতাবের জামিন স্থগিতের মেয়াদ ১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না।
৫ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মাহতাবের জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন। ২ মার্চ মাহতাবের জামিন প্রশ্নে রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। এতে স্থগিতাদেশ চেয়ে পরের দিন আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মাহতাবের জামিন এক দিনের জন্য স্থগিত করেন। পরদিন ৪ মার্চ চেম্বার বিচারপতি শুনানি নিয়ে জামিন আরও এক দিনের জন্য স্থগিত করে বিষয়টি নিয়মিত শুনানির জন্য আপিল বিভাগে পাঠান।
গত বছরের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে দিনদুপুরে গাড়ির ভেতরে গুলি করার পর গাড়িসুদ্ধ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির ভাই রেজাউল হক জসিম ওই দিনই জাতীয়তাবাদী তাঁতী দলের ফেনী জেলা শাখার আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।