ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার আসামি মাহতাব উদ্দিন চৌধুরীর (মিনার চৌধুরী) জামিন ১ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ জামিন স্থগিত করে আদেশ দেন। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। পরে মাসুদ হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, মাহতাবের জামিন স্থগিতের মেয়াদ ১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না।
গত বছরের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে দিনদুপুরে গাড়ির ভেতরে গুলি করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির ভাই রেজাউল হক ওই দিনই তাঁতী দলের ফেনী জেলা শাখার আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে আরও ৩০-৩৫ জনকে আসামি দেখিয়ে হত্যা মামলা করেন।