মাহফিলে রাষ্ট্রবিরোধী বক্তব্য, রাষ্ট্রদ্রোহ মামলা
ওয়াজ মাহফিলের নামে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে সোমবার রাতে পাঁচবিবি থানায় রাষ্ট্রদোহ মামলা করা হয়েছে। সাতক্ষীরা সদরের কালেরডাঙ্গা গ্রামের মো. মনিরুল ইসলাম ফারুকীর নামে পাঁচবিবি থানার এসআই আনিছুর রহমান এ মামলা করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শাখা-১, রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত পত্রের পরিপ্রেক্ষিতে এ মামলা হয়। মামলা সূত্রে জানা যায়, ১০ নভেম্বর বৃহস্পতিবার পাঁচবিবির আটাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মসজিদ প্রাঙ্গণে এশার নামাজের পর থেকে রাত একটা পর্যন্ত ওয়াজ মাহফিল হয়। এতে প্রধান বক্তা হিসেবে মো. মনিরুল ইসলাম ফারুকী ওয়াজ করেন। তিনি সাম্প্রদায়িক, উসকানি, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদকে নিয়ে অশালীন বক্তব্য ও কটূক্তি করেন। তাঁর বক্তব্যে রাষ্ট্রপতিকে কার্টুন বলে আখ্যায়িত করেন। তিনি প্রধানমন্ত্রীকে নাস্তিক, বেইমান, বেহায়া ও মন্ত্রিপরিষদকে অবৈধ, দেশ ধ্বংসকারী বলে অশ্লীল ভাষায় কুরুচিপূর্ণ গালিগালাজ ও কটূক্তি করেন। এ সময় সভাস্থলে উপস্থিত লোকজন প্রতিবাদ জানালে ওয়াজ মাহফিলের আয়োজকেরা প্রতিবাদকারীদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র দিয়ে প্রতিবাদকারীদের বেধড়ক মারধর করেন। এতে মো. আবদুল আউয়াল, মো. সাদেকুল ইসলাম, মো. নাজমুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা রাতে তাঁদের একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। সভাস্থলে উপস্থিত নিলতা গ্রামের মো. নজরুল ইসলাম রাতে থানায় গিয়ে এ খবর জানান। পুলিশ ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎ সার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরের দিন ফারুকীর বক্তব্যের সিডির কপি জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশক্রমে মো. মনিরুল ইসলাম ফারুকীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় রাষ্ট্রদোহ মামলা হয়। ওয়াজ মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আটাপুর ইউনিয়নের জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম।